লড়াইয়েই জীবন ভিলানোভার
বেশ কদিন হলো ডাগ-আউটে ফিরেছেন। কিন্তু সংবাদ সম্মেলনে কোচের আসন থেকে দূরে দূরেই ছিলেন। পরশু প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন টিটো ভিলানোভা। ক্যানসারের চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফেরা বার্সেলোনার কোচ জানালেন, ব্যক্তিগত লড়াইয়ে এখনই হেরে যেতে রাজি নন। বার্সার কোচের পদ থেকেও তাই সরে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই, ‘চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই উৎসাহী। এখনই বাক্স-পেটরা গুছিয়ে ফেলার কোনো ইচ্ছা আমার নেই।’ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইটা এখনো শেষ হয়নি। নিয়মিতই কেমো ও রেডিওথেরাপি নিতে নিউইয়র্কে উড়ে যেতে হবে। এই মৌসুমে যেমন তাঁর অনুপস্থিতিতে দীর্ঘ সময় ধরে বার্সার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সামলেছেন জর্ডি রৌরা। কিন্তু এভাবে কি চলতে পারে? তা ছাড়া ভিলানোভার পক্ষে কি কেমোর ধকল সামলে কাজ চালিয়ে নেওয়া সম্ভব? বার্সা কোচ জানান, কাজের মধ্যে না থাকলেই বরং নিজের বিপদ ত্বরান্বিত করবেন, ‘চিকিৎসকেরা বলেছেন আমার জন্য সবচেয়ে ভালো হবে কাজের মধ্যে ডুবে থাকা। আমি এটা নিয়ে উচ্ছ্বসিতও। আমি অবশ্যই চালিয়ে যাব, তা ছাড়া আমি খুব ভালোও অনুভব করছি।’নিজের জীবনে ফুটবল ছাড়া আর কিছুই জানেন না। ফুটবলই তাঁর জীবনের সবটুকু জুড়ে আছে। ফুটবল ছেড়ে দেওয়া মানেই তাঁর জন্য একরকম মৃত্যু বলে মানেন ৪৪ বছর বয়সী, ‘আমি দলের সঙ্গে থাকতে চাই, সংবাদ সম্মেলনগুলোতে আসতে চাই। যখন দুই দিন ছুটি থাকে, বাড়িতে বসে থেকে বুঝে উঠতেই পারি না কী করব। কারণ ফুটবলই আমার জীবন। এটা করেই আমি সবচেয়ে আনন্দ পাই।’ব্যক্তিগত লড়াইয়ে যেমন হার মানছেন না, দলীয় লড়াইটাও চালিয়ে যেতে প্রস্তুত ভিলানোভা। বুধবার চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগটা কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়ালেও আশা ছাড়ছেন না ভিলানোভা, ‘ফিরতি লেগের পরেই আমি যেকোনো সমালোচনা মাথা পেতে নেব। কিন্তু এখনই হাল ছাড়তে রাজি নই। আমরা অবশ্যই বলতে পারি না যে আমাদের পক্ষে সম্ভব নয়, এমনকি এটা যদি খুব কঠিন হয়েও থাকে। আমাদের নিজেদের সেরাটা দেখিয়ে দিয়ে প্রমাণ করতে হবে, সেই রাতে যা হয়েছে সেটা নিছকই একটা দুর্ঘটনা।’এসি মিলানের বিপক্ষেও দুর্দান্ত লড়াই করে ঘুরে দাঁড়িয়েছিল বার্সা। এবার দলের কাছ থেকে এমনই কিছু একটা আশা করছেন। জয়-পরাজয়ের সমীকরণ না ভেবে মাথা উঁচু করে লড়াই করা দেখতে চান শিষ্যদের কাছ থেকে, ‘আমরা বার্সেলোনা, আমরা নিজেদের মাঠে খেলছি। আমাদের সমর্থকদের চাওয়ার প্রতি সাড়া দিতেই হবে, তাদের দেখাতে হবে বায়ার্নের সঙ্গেও আমরা লড়াই করতে পারি, তাদের দেখাতে হবে, আমরা জিততে পারি।’বার্সা ও স্প্যানিশ আধিপত্যের অবসান হলো বলে যে কথা উঠেছে, সেটাও মানতে পারছেন না তিনি, ‘প্রত্যেক চক্রেরই উত্থান-পতন থাকে। এটা এর চেয়ে বেশি কিছু নয়।’ এএফপি, রয়টার্স।