দুই দলেরই ছিল উৎসব-প্রস্তুতি। সাদা শার্ট-প্যান্ট আর নেভি ব্লু সোয়েটার পরা ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের ছেলেরা বসে ছিল মোহামেডান গ্যালারিতে। আবাহনীর গ্যালারি ছিল এ লতিফ চ্যারিটেবল স্কুলের দখলে। হাতে ‘জাগো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ছিল ব্যান্ড পার্টি। ওদের স্লোগান-চিৎকারে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম। শ পাঁচেক দর্শকই মাতিয়ে রেখেছিল আসিয়ান সিটি ঢাকা মহানগর স্কুল ফুটবলের ফাইনাল।ম্যাচ শেষে থেমে গেছে রেসিডেনসিয়াল মডেল স্কুলের ছেলেদের আনন্দ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ হাসি হেসেছে এ লতিফ স্কুল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য হলে টাইব্রেকারে তারা জিতে নেয় ৩-১ গোলে। গ্রুপ পর্বে এই এ লতিফের কাছেই রেসিডেনসিয়াল হেরেছিল ২-১ গোলে।দাতব্য স্কুলটির বেশির ভাগ ছাত্রই সুবিধাবঞ্চিত। মাস তিনেকের অনুশীলনে খেলতে এসেছে টুর্নামেন্টে। কাল অবশ্য দুই দলের কারোর খেলাতেই ছিল না পরিকল্পনার ছাপ। ফুটবলের মৌলিক জ্ঞানের অভাবটা ফুটে উঠছিল। এতে মিল পাওয়া যাচ্ছে আয়োজকদের সঙ্গেও। একটা টুর্নামেন্ট হলো, মাঝখানে মঞ্চ বানিয়ে ক্ষতি করা হলো মাঠের। কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী জানা গেল না।নির্ধারিত সময়ে দুই দলই সুযোগ পেয়েছে বেশ কিছু। কিন্তু গোল করতে পারেনি কেউই। টাইব্রেকারে রেসিডেনসিয়ালের গোলটি করেছে হিমেল। এ লতিফের আনারুল, রাজীবুল ও তৌফিকুরের তিনটি শটই জালে ঢোকে। আনন্দে মাঠের মধ্যে কয়েক চক্কর ল্যাপ অব অনার দেয় এ লতিফের কিশোরেরা। ম্যাচ শেষে রেসিডেনসিয়ালের ম্যানেজার সুলতান উদ্দিন অভিযোগ করলেন, ‘ওদের দীপ, নাঈম ও গোলকিপার আক্কাস অছাত্র। এ কারণেই আমরা ওদের সঙ্গে জিততে পারিনি।’ তবে অভিযোগ মানেননি এ লতিফের শিক্ষক এফ রহমান ফয়েজ, ‘এটা একদমই মিথ্যা কথা। আমাদের কেউ অছাত্র নেই।’ স্কুল কমিটির ডেপুটি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম অবশ্য সরাসরি কিছু বললেন না, ‘একেবারে শেষ মুহূর্তে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ সময়ের অভিযোগ তো গ্রহণযোগ্য হতে পারে না। আগামী বছর অষ্টম শ্রেণীর ছাত্রদের নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।’ ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মাসুম। এক ম্যাচে আট গোল করা এই স্ট্রাইকারের স্বপ্ন জাতীয় দলে খেলা। হেরেও সান্ত্বনা, ম্যাচ ও সিরিজ-সেরার পুরস্কার উঠেছে রেসিডেনসিয়ালের রাইসুল ইসলামের হাতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।