লন্ডন অলিম্পিকের পর্দা উঠছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক ঘণ্টা পরই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ক্রীড়াজগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকের। আয়োজক নগর লন্ডনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়ার শেষ পরিকল্পনা করছেন আয়োজকেরা। আর লন্ডন যে অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত, সেই আনুষ্ঠানিক ঘোষণাটাও আজ দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।আজ সকালে আয়োজকদের সঙ্গে বৈঠকের পর শেষ মুহূর্তের পর্যালোচনা শেষে লন্ডনকে এবারের অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। প্রতিষ্ঠানটির প্রধান জ্যাক হোগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ সকালে একটি বৈঠকে আমরা সবকিছু শেষবারের মতো পর্যালোচনা করেছি আর আমি নিশ্চিতভাবে বলতে পারি, লন্ডন অলিম্পিকের জন্য পুরোপুরি প্রস্তুত। আর আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।’আজ রাতে দীর্ঘ সাত বছরের অবিরাম পরিকল্পনা ও প্রস্তুতির চূড়ান্ত রূপ দেখা যাবে লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে। ৮০ হাজার দর্শক সরাসরি উপভোগ করবেন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান; যার প্রধান পরিকল্পনাকারী হিসেবে ছিলেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক ড্যানি বোয়েল।তবে লন্ডনের পরিবহনব্যবস্থা নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে আছেন অনেকেই। বাড়তি সাড়ে সাত লাখ মানুষ অলিম্পিক উপলক্ষে থাকবে এই শহরে। এত মানুষের জন্য পর্যাপ্ত পরিবহনব্যবস্থার বন্দোবস্ত করা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করছিলেন অনেকে। তবে সেটা খুব একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলে আত্মবিশ্বাসী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান জ্যাক হোগে। তিনি বলেছেন, ‘লন্ডনের পরিবহনব্যবস্থার পূর্ণাঙ্গ পরিকল্পনা আমি জেনেছি। আর সেটা ভালোমতোই কাজ করছে।’এর আগে ২০০০ সালে সিডনি এবং ২০০৮ সালে বেইজিং অত্যন্ত সফলভাবে অলিম্পিক আয়োজনের জন্য খ্যাতি কুড়িয়েছিল। এবার লন্ডনও সেই মর্যাদা পেতে যাচ্ছে বলে আশাবাদী জ্যাক হোগে। তবে শেষপর্যন্ত কী হবে, সেটা দেখার জন্য যে চূড়ান্ত আসরের দিকেই সবাইকে তাকিয়ে থাকতে হবে—সেটাও মনে করিয়ে দিয়েছেন অলিম্পিক কমিটির প্রধান।— ওয়েবসাইট