তিন পয়েন্টের অগ্রগামিতা ছিল আগেই, আরও তিন পয়েন্ট যোগ করে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়া। টটেনহামকে হারিয়ে ম্যানচেস্টার সিটি চাপের মধ্যেই ফেলে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। কিন্তু পরের ম্যাচে আর্সেনালকে হারিয়ে সিটির প্রতিবেশীরা নিজেদের কাজটাও ঠিকঠাক করে রাখল। ম্যানচেস্টার বনাম লন্ডনের লড়াই পরশু পুনরাবৃত্তিই দেখল। গত বছরের আগস্টের এক রোববারে লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও টটেনহামকে গুঁড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানইউ-ম্যান সিটি। প্রায় পাঁচ মাস পর আরেক রোববারেও ম্যানচেস্টারের দুই ক্লাবই জয়ী। পার্থক্য, সেবার বড় জয় পাওয়া সিটি-ম্যানইউ দুই দলই পেয়েছে ঘামঝরানো জয়।প্রথমে ম্যান সিটি ‘৯ মিনিটে চার গোলের’ নাটকীয় ম্যাচে টটেনহামকে হারায় ৩-২ গোলে। পরে আর্সেনালের মাঠে গিয়ে আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। ফলে শিরোপা লড়াইয়ে দুই প্রতিবেশী তিন পয়েন্টের দূরত্বেই অবস্থান করছে। ২২ ম্যাচে সিটির পয়েন্ট ৫৪, ম্যানইউর ৫১। শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে আর্সেনাল। এই হার তাদের পিছিয়ে দিল চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়েও। চার নম্বরে থাকা চেলসি তাদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। ২২ ম্যাচে চেলসির ৪১, আর্সেনালের ৩৬।আর্সেনালের বিপক্ষে জয় ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনকে দিয়েছে স্বস্তি, ‘সিটির জয়ের পর জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি জয়ের জন্য আমরা ঠিক কাজটিই করেছি...আমরা রোমাঞ্চভিলাষী, ইতিবাচক ছিলাম এবং নিজেদের ওপর বিশ্বাস ছিল।’এদিকে নিজ নিজ ম্যাচে জিতে শীর্ষে থাকা জুভেন্টাসের ওপর চাপটা ধরে রেখেছে মিলানের দুই প্রতিবেশী এসি মিলান ও ইন্টার। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোল ও রবিনহোর এক গোলে এসি মিলান ৩-০ তে হারিয়েছে নোভারাকে। লাৎসিওর বিপক্ষে ইন্টারের জয় ২-১ গোলে। লিগে এটা ইন্টারের রেকর্ড টানা সপ্তম জয়।১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। ৪০ পয়েন্ট নিয়ে মিলান দুইয়ে। পরশু কাতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে তৃতীয় স্থানটি ধরে রেখেছে উদিনেসে। তাদের পয়েন্ট ৩৮। লাৎসিওকে (৩৩ পয়েন্ট) হারিয়ে চারে উঠে এসেছে ইন্টার (৩৫)। এএফপি।