লন্ডনে আজ ফেবারিট গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টকহোমে উসাইন বোল্টকে হারিয়ে ক্যারিয়ারের পালে নতুন হাওয়া লাগিয়েছেন। টাইসন গে এখন ক্ষুধার্ত হয়ে উঠছেন আরও বেশি সাফল্যের জন্য। আজ লন্ডন গ্রাঁ প্রিঁর ১০০ মিটারে দৌড়াবেন এই আমেরিকান। চোটের কারণে বোল্ট আপাতত ট্র্যাকের বাইরে। গেকে চ্যালেঞ্জ জানাতে আজ ট্র্যাকে নামার কথা ছিল বোল্টের স্বদেশি আসাফা পাওয়েলের। কিন্তু পিঠ ও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে কাল সন্ধ্যায় এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পাওয়েল। আজ তাই বলতে গেলে গের শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীই নেই।গত শুক্রবার পেশাদার ক্যারিয়ারে ১০০ মিটারে বোল্টকে মাত্র দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়েছেন গে। স্টকহোম ডায়মন্ড লিগ জিতেছেন ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে। বোল্ট দ্বিতীয় হয়েছিলেন ৯.৯৭ সেকেন্ড টাইমিং করে। গত মঙ্গলবার বোল্ট জানিয়েছেন, চোটের কারণে এ মৌসুমে আর ট্র্যাকে নামা হচ্ছে না তাঁর। লন্ডনের ক্রিস্টাল প্যালেস ন্যাশনাল স্পোর্টস সেন্টারে আজ গের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন পাওয়েল। চোটের কারণে প্রতিনিয়তই ভুগতে হচ্ছে, তার পরও বোল্টের সঙ্গে যৌথভাবে এ মৌসুমের সেরা টাইমিং এখনও পাওয়েলরই। দোহা ডায়মন্ড লিগে ৯.৮২ সেকেন্ডে জিতেছিলেন পাওয়েল। কিন্তু চোট তাঁকে স্টকহোমের ডায়মন্ড লিগের মতো এখানেও থাকতে দিল না। লন্ডনের ট্র্যাকে নামতে না পেরে কাল হতাশাটা লুকাননি ১০০ মিটারের ইতিহাসের চতুর্থ সেরা টাইমিংধারী, ‘আমি সত্যিই হতাশ, কারণ এখানে দৌড়াতে আমি পছন্দ করি। আমার কুঁচকির ইনজুরি আস্তে আস্তে প্রভাব ফেলেছিল পিঠে ও হ্যামস্ট্রিংয়ে। প্যারিস মিটের (১৬ জুলাই) পর থেকে আমি ঠিকভাবে ১০০ মিটার অনুশীলনই করতে পারিনি। এখনো দিনে দুবার আমার চিকিত্সা নিতে হচ্ছে, উন্নতি হচ্ছে ধীরে ধীরে। আমার সব মনোযোগ এখন সুস্থ থাকার দিকে।’ এএফপি।