লন্ডনে উচ্চতর প্রশিক্ষণ নেবেন না শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন সুযোগ সব সময় আসে না। এটি তাই কাজে লাগানোর জন্য অধীর আগ্রহে থাকেন খেলোয়াড়েরা। কিন্তু বর্তমান সময়ের দেশসেরা শ্যুটার শারমিন আক্তার (রত্না) ব্যতিক্রম। লন্ডনে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েও তিনি ‘না’ বলে দিয়েছেন ফেডারেশনকে।সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২০১২ লন্ডন অলিম্পিকে অন্তত একটি পদক জেতার আশায় উন্নত প্রশিক্ষণের জন্য আটজন খেলোয়াড়কে জানুয়ারির মধ্যেই লন্ডনে পাঠানো হচ্ছে। এর মধ্যে চারজন শ্যুটার, চারজন আর্চার। লন্ডন অলিম্পিক পর্যন্ত এই খেলোয়াড়েরা অনুশীলন করবেন সেখানে।শ্যুটিং ফেডারেশন প্রথমে তরুণ শ্যুটারদের পাঠাতে চেয়েছিল। তাদের ভাবনা ছিল, সিনিয়র শ্যুটার পাঠিয়ে লাভ হবে না। কারণ, লন্ডনের ওই প্রশিক্ষণ একাডেমির মান নাকি খুব ভালো নয়। সেখানে সব শিক্ষানবিশ কোচ এবং পিস্তল কোচ কোচিং করান রাইফেলে! পরে বিওএ প্রশিক্ষণ ভালো হবে নিশ্চয়তা দেওয়ার পর অবশ্য আগের সিদ্ধান্ত থেকে সরে এসে সময়ের সেরাদেরই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্যুটিং ফেডারেশন। শারমিনের অনীহার পর শ্যুটিং ফেডারেশন চারজন শ্যুটারের নাম চূড়ান্ত করে ফেলেছে—আসিফ হোসেন খান, আবদুল্লা হেল বাকি, সাদিয়া সুলতানা ও ২০০৪ সাফ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার।সময়ের সেরা শ্যুটার হিসেবে প্রথম নামটাই শারমিন আক্তারের (রত্না)। কিন্তু এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটার বলছেন, ‘আমার কাছে মনে হয় ইংল্যান্ডের ট্রেনিং আমার মনমতো হবে না। ইংল্যান্ডের শ্যুটাররাই এখন স্কটল্যান্ডে প্র্যাকটিস করছে। সেখানে আমি গিয়ে কত দূর কী করব? ব্যাপারটা নিয়ে আমার কাছে খটকা লেগেছে। আমি যেটা চাই তারা হয়তো আমাকে সেটা দিতে পারবে না। সে জন্যই আমি ফেডারেশনকে “না” বলে দিয়েছি।’শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কাল জানিয়েছেন, ‘রত্না আমাদের বলেছে, দেশে অনুশীলন করলেই তার ভালো হবে। ১০ মিটার এয়ার রাইফেলে ৪০০-তে ৪০০ স্কোর সে এখানেই করেছে। কাজেই এখানে আরও মনোযোগ দিয়ে চেষ্টা করলেই সে ভালো করার ব্যাপারে আশাবাদী।’ ইসতিয়াক অবশ্য এও জানালেন, কদিন আগে ঢাকায় কোচিং কোর্স করিয়ে যাওয়া স্লোভাকিয়ান কোচ অ্যানথন বালাকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। অলিম্পিক প্রস্তুতির জন্য জুন নাগাদ শারমিনকে স্লোভাকিয়ায় এই কোচের কাছে পাঠানো হবে।