লন্ডনে এক টুকরো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন ঘুরে যাওয়া মানুষের কাছে একটা প্রশ্ন—ইংল্যান্ডের এ শহরটাকে কি কখনো বাংলাদেশ মনে হয়নি? আমার তো মনে হচ্ছে! ডার্বি থেকে লন্ডনে আসার পথে ট্রেনে বসে লিখেছিলাম, বাংলাদেশ কখনো ইংল্যান্ড হবে না। বাংলাদেশের ক্রিকেটও কখনো ইংল্যান্ডের ক্রিকেটের মতো হবে না। বৃহত্ দৃষ্টিকোণ থেকে সেটা ঠিক হলেও ব্রিকলেন স্ট্রিট, বাংলা টাউন এমনকি লন্ডনের অন্য রাস্তাঘাটেও সকাল-বিকেল ঘুরলে একবার অন্তত মনে হবেই, বুঝি বাংলাদেশেই আছি!সবারই মনে হয়। আমার একটু বেশি মনে হচ্ছে পরশু বাংলা টাউনের ওয়েবার্স ফিল্ড আর অ্যালান গার্ডেনের জনসমুদ্র দেখে। বাঙালির বৈশাখী উত্সব সুদূর লন্ডনেও অবিশ্বাস্যরকমের বর্ণিল। এখানে আসার পর থেকেই পরিচিতজনদের কাছ থেকে বৈশাখী মেলায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছি, প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদ তাঁদের একজন। কিন্তু এবারের মেলা প্রায় ছয় বছর ধরে ইংল্যান্ডে থাকা তানভীরের কাছেও বিস্ময়কর, ‘এত মানুষ এর আগে আমিও দেখিনি। এবার তো এক লাখের বেশি মানুষ এসেছে মেলায়!’বাংলাদেশ দল ডার্বি থেকে লন্ডন পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল। দলের পক্ষে তাই বৈশাখী মেলা ঘুরে আসা আর সম্ভব হয়নি। মেলায় আসা প্রবাসী বাঙালিরা খোঁজখবর নিয়েছেন ক্রিকেটারদের। প্রস্তুতি ম্যাচের ফলাফলে তাঁরা হতাশ, তবে টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী অনেকেই। পূর্বাভাস বলছে, ২৭ মে থেকে শুরু প্রথম টেস্টে লর্ডসের সফেদ গ্যালারিতে লাল-সবুজের ঢেউ উঠবে। কাল অনুশীলন শেষ করে মাঠে যাওয়ার আগে আশার কথা শুনিয়ে গেছেন তামিম ইকবাল। ইংল্যান্ড দলে পল কলিংউড আর স্টুয়ার্ট ব্রডের না থাকাটা তাঁর সে আশার অন্যতম অনুঘটক, ‘এই দুজনের না থাকাটা আমাদের জন্য বড় সুবিধা। পল কলিংউডই সব সময় ওদের ইনিংসটা ধরে রাখে। আর স্টুয়ার্ড ব্রড ইংল্যান্ডের অন্যতম সফল বোলার। তাদের না খেলাটা আমাদের জন্য প্লাস পয়েন্ট অবশ্যই।’প্রতিপক্ষের শক্তিমত্তা আর নিজেদের সামর্থ্যের সঙ্গে ইংলিশ কন্ডিশনে ভালো খেলার আরেকটা শর্ত এখানকার আবহাওয়া। ইংল্যান্ডের আবহাওয়া নাকি নারীর মন! সকালে হাসিমুখ তো, বিকেলে মুখভার! এখানে আসার পর ঠান্ডায় জবুথবু হয়ে পড়া খেলোয়াড়েরা এখন অনুশীলনে রীতিমতো ঘামছেন। গত পরশু তো বৈশাখী মেলার সঙ্গে ইংল্যান্ড সীমা ছাড়ানো ব্যাপার দেখেছে গরমের দিক দিয়েও! লন্ডন টাউনে যেদিন বাঙালির মিলনমেলা হলো সেদিনই দেশটিতে গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি গরমও পড়ল। লন্ডনস অলিম্পিক পার্কের ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। গতকালও অনেকটা সে রকমই থাকল লন্ডনের রোদের তাপ (২৮ ডিগ্রি)। আসলে কয়েক দিন ধরেই ইংল্যান্ডে ঠান্ডা বলে কিছু নেই। দেশটার অন্যতম বৃহত্ সুপারস্টোর টেসকোর হিসাবমতে, কেবল গত শনিবারই তারা ১ মিলিয়ন লিটারের বেশি আইসক্রিম বিক্রি করেছে।কিন্তু ওই যে নারীর মন! ইংলিশ আবহাওয়ার ব্যাপারে শেষ কথা বলে কিছু নেই। আগামী কয়েক দিনের আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে হয়তো সবাইকে আবারও গরম জামাকাপড় তুলে নিতে হবে গায়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রাও নাকি মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল ১৩ ডিগ্রি! লর্ডস টেস্টের প্রথম দুই দিনের জন্যও আছে দুঃসংবাদ—প্রথম দুই দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬ আর ১৫ ডিগ্রি!বাংলা টাউনের বৈশাখী মেলা থেকে উত্সারিত উত্সবের রং লর্ডসে এসে আরও রঙিন হবে কি না, এর উত্তর খুঁজতে তাই তাকাতে হবে আকাশেও।