লন্ডনে জিতে বোল্টের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকের আগে শেষবারের মতো ট্র্যাকে নেমে জয় পেলেন বোল্ট। পরশু লন্ডনে l এএফপি
রিও অলিম্পিকের আগে শেষবারের মতো ট্র্যাকে নেমে জয় পেলেন বোল্ট। পরশু লন্ডনে l এএফপি

দৌড়ের শেষ দিকে এসে বোল্টসুলভ ‘আয়েশি’ ভাব ছিল না। ২০০ মিটার দৌড়াতে সময়ও লেগেছে ১৯.৮৯ সেকেন্ড। তাতেও অবশ্য ডায়মন্ড লিগ অ্যাথলেটিকসের লন্ডন মিটে কেউ উসাইন বোল্টের জয় ঠেকাতে পারেনি। কিন্তু রিও অলিম্পিকের আগে শেষ প্রতিযোগিতামূলক দৌড়ে পরশু ২০০ মিটারে জিতেছেন জ্যামাইকান স্প্রিন্টার। ঘোষণাও কি দিয়ে রাখলেন না—রিওতে জিততেই আসছেন!
অলিম্পিকে এবার অন্য রকম একটা স্বপ্ন নিয়ে যাচ্ছেন বোল্ট, ‘ট্রিপল ট্রিপলে’র স্বপ্ন। টানা তৃতীয়বারের মতো ১০০, ২০০ ও ৪x১০০ মিটার—তিনটিতেই সোনা জিততে চান ‘বজ্রবিদ্যুৎ’। বেইজিং ও লন্ডনে যে কীর্তি গড়েছিলেন, রিওতেও পারবেন সেটি ধরে রাখতে? লন্ডন মিটকেই মানদণ্ড ধরলে অবশ্য বলতে হয়, সে পথ এখনো কিছু পাড়ি দেওয়ার বাকি বোল্টের। পরশু দৌড়ে দ্বিতীয় হওয়া পানামার এডওয়ার্ড আলোনসোর (২০.০৪) চেয়ে কম সময় নিয়েছেন ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের লশন মেরিটসের গড়া মৌসুম-সেরা টাইমিংয়ের (১৯.৭৪) চেয়ে অনেক পেছনে ছিলেন বোল্ট।
ছয়টি অলিম্পিক সোনাজয়ীর পক্ষেও অবশ্য ঢাল হয়ে দাঁড়াবে এই যুক্তি—একে তো এটি এক অর্থে অলিম্পিকের প্রস্তুতি, তার ওপর পরশুই ২০০ মিটারে নেমেছেন বছরে প্রথমবারের মতো। এসেছেনও মাত্রই চোট কাটিয়ে। গত মাসেই হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালের ১০০ মিটার ফাইনালের আগে সরে দাঁড়িয়েছিলেন। ট্র্যাকে ফিরলেন। এখনো তিনি আশানুরূপ ফিট নন বলেই জানালেন ২৯ বছর বয়সী জ্যামাইকান, ‘আমি ফর্ম ধরে রাখতে চেয়েছি। এখনো পুরো ফিটনেস আসেনি।’ তবে ভক্তদের আশ্বস্তও করেছেন, ‘এখনো অনেক কাজ করতে হবে, তবে সব ঠিক হয়ে যাবে। আমি খুশি যে, কোনো চোট ছাড়াই দৌড়াতে পেরেছি, দৌড় শেষ করতে পেরেছি।’
গত মাসে অলিম্পিকের ট্রায়াল থেকে বোল্টের ওভাবে সরে যাওয়া নিয়ে কম কথা হয়নি। ট্রায়ালে না থেকেও জ্যামাইকার নিয়মের কারণে অলিম্পিকে যেতে পারছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনও যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্যামাইকার এই নিয়মের তুলনা টেনে খোঁচা মেরেছিলেন। এতে একটু হতাশই হয়েছিলেন বোল্ট। পরশু দৌড়ের পর গ্যাটলিন প্রসঙ্গে বলেছেন, ‘এটিকে হাস্যকরই মনে হয়েছে। কিছুটা অসম্মানজনকও লেগেছে যে, ওরা ভাবছে আমি ট্রায়াল থেকে পিছু হটব। আমিই সেরা—এটা বছরের পর বছর প্রমাণ করে চলেছি আমি উসাইন বোল্ট। (গ্যাটলিনের কথা) শোনার পর অনেকক্ষণ হেসেছি। কিছুটা হতাশও হয়েছি, বিশেষ করে জাস্টিন গ্যাটলিনের ওপর।’ রয়টার্স, ফক্স স্পোর্টস।