লন্ডনে থেকেও নেই টরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমীলা সাঁতারের সেরাদের খুব ছোট্ট তালিকাতেও তাঁর নাম রাখতে হবে। বয়স এখন ৪৫, তার পরও ডারা টরেসের উৎসাহ অফুরান। প্রথম অংশ নিয়েছিলেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে, তখন বয়স ১৭। প্রথম আসরেই সোনা জিতে জানান দিয়েছিলেন, জলের সঙ্গে মিতালি গড়ারই ইচ্ছা তাঁর। এরপর অলিম্পিকে অংশ নিয়েছেন টানা, ১৯৯৬-এর আটলান্টা অলিম্পিকে প্রথমবার ছেদ পড়ে সে ধারায়। চার বছর পর সিডনিতে অংশ নেন। সবাই মনে করেছিল সেবারই শেষ। মাঝে ঘটে গেছে অনেক ঘটনা, হাঁটুর চোটে যেতে হয় শল্যবিদের ছুরির নিচে, মারা গেলেন দীর্ঘদিনের কোচ মাইকেল লোবার্গ। কিন্তু রূপকথারই জন্ম দিলেন ৪১ বছর বয়সে বেইজিং অলিম্পিকে সাঁতরে, তিন-তিনটি ইভেন্টে রুপা জিতে প্রমাণ করলেন তিনি আসলেই জলপরি।৬ বছরের এক মেয়ের মা এবার লন্ডন অলিম্পিকেও খেলতে চেয়েছিলেন। বাছাইপর্বে প্রথম বা দ্বিতীয় হতে হতো তাঁকে, কিন্তু ০.০৯ সেকেন্ডের জন্য চতুর্থ হয়ে গেলে শেষমেশ লন্ডনের টিকিট পেলেন না। এ নিয়ে অবশ্য খুব খেদ নেই তাঁর, ‘এখনো এটা নিয়ে আবেগে ভেসে যাওয়ার সময় আসেনি। আমি ডিনার করলাম, প্লেনে উঠলাম, এরপর আমার রুটিনে ফিরে গেলাম।’ তবে দেশের হয়ে অংশ নিতে না পারলেও লন্ডনে থাকছেন এই সাঁতারু। একটা করপোরেট কর্মসূচির হয়ে শিশুদের সাহায্য করবেন তিনি।বর্ণাঢ্য এক ক্যারিয়ার ছিল তাঁর, নিজের মেয়ের বয়সী সাঁতারুদের সঙ্গে লড়েছেন। জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর, ‘যেভাবে জীবন কাটিয়েছি সেটা নিয়ে কোনো খেদ নেই আমার। সব অভিজ্ঞতাই আপনাকে ঋদ্ধ করবে। সাঁতারের সবচেয়ে বড় কারণগুলোরই একটা হলো চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ ভালোবাসি।’ রয়টার্স।