লন্ডনে বিদায়ের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে ১৩টি দিন পার হয়ে গেল অলিম্পিকের। আর এক দিন পরেই সাঙ্গ হবে এই মহাযজ্ঞ, থেমে যাবে সব উৎসব-কোলাহল। লন্ডনের আকাশটা হয়তো একটু বেশিই বিষণ্ন আজ, চারদিকে বাজছে বিদায়ের করুণ সুর! কেমন হবে সমাপনী অনুষ্ঠান? উদ্বোধনী অনুষ্ঠানের মতো অতটা চাকচিক্য থাকবে না হয়তো, কিন্তু গোপনে গোপনে ঠিকই চলছে শেষবারের মতো সবাইকে চমকে দেওয়ার প্রস্তুতি। পাঁচ-পাঁচটি জেমস বন্ড ছবির সংগীত পরিচালক ডেভিড আরনল্ড আশ্বাস দিয়েছেন সমাপনীটাও দুর্দান্ত হবে। প্রেক্ষাপটে থাকবে পপসংগীতের মূর্ছনা, যেটার সূতিকাগার ইংল্যান্ড। পল ম্যাকার্টনি ও অ্যাডেল পারফর্ম করছেন বাতাসে গুঞ্জনটা প্রবল। শোনা যাচ্ছে, আরেক নিভৃতচারী শিল্পী কেট বুশও গান গাইবেন। ‘আমরা এমন কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব যাতে পশ্চিম ইংল্যান্ডের পল্লি থেকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পাহাড়ি এলাকার মানুষও টিভিতে দেখতে পারবে, কেউ দেখতে পারবে টাওয়ার ব্লকের ওপর থেকেও—যেন এটা দেখে বলতে পারে এটাই আমাদের পরিচয়, এটাই সত্যিকারের ব্রিটেন’—ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে আরনল্ড বলেছেন এমনটাই। আরেক কিংবদন্তি জর্জ মাইকেল টুইট করেছেন, সমাপনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি জোরেশোরেই চলছে তাঁর। পত্রিকাগুলোর তথ্যমতে, ব্যস্ত লন্ডনের চালচিত্র ও লন্ডনের দর্শনীয় স্থানগুলোর রেপ্লিকাও থাকবে অনুষ্ঠানে। এএফপি।