লন্ডনে বোল্ট পিস্টোরিয়াসকে ‘না’
লন্ডনে ফিরছেন উসাইন বোল্ট। ফিরছেন সেই অলিম্পিক স্টেডিয়ামেই, যেখানে গত অলিম্পিকটাকে নিজের করে নিয়েছিলেন সর্বকালের দ্রুততম মানব। ডায়মন্ড লিগের লন্ডন মিটে অংশ নেবেন বোল্ট। এবারের টুর্নামেন্টটা আবার শুরু হচ্ছে লন্ডন অলিম্পিক উদ্বোধনের বর্ষপূর্তির দিনেই। অলিম্পিককে স্মরণ করেই ২৬ থেকে ২৮ জুলাইয়ের এই প্রতিযোগিতাকে ডাকা হচ্ছে ‘অ্যানিভার্সারি গেমস’ নামে।অলিম্পিক ছাড়া লন্ডনে বোল্ট সর্বশেষ ট্র্যাকে নামেন সেই ২০০৯ সালে। যুক্তরাজ্যের কঠোর আয়কর আইনই এত দিন বোল্টকে আসতে দেয়নি লন্ডনে। যুক্তরাজ্যে খেলে উপার্জিত অর্থ ও বিজ্ঞাপন চুক্তির অনেকটাই দিতে হয় কর হিসেবে। তবে এবার ব্রিটেনে বাস করেন না, এমন ব্যক্তিদের এই করের আওতামুক্ত করাতেই বোল্ট আসছেন।লন্ডনে ফিরতে যেন তর সইছে না বোল্টের। সেখানকার দর্শকদেরও প্রশংসায় ভাসিয়েছেন জ্যামাইকান দৌড়বিদ, ‘যুক্তরাজ্যে ফেরার জন্য আমি তাকিয়ে আছি, বিশেষ করে এটা যখন অলিম্পিক স্টেডিয়ামে তিনটি সোনা জয়ের এক বছর পর হচ্ছে। গেমসের দর্শকেরা ছিল অসাধারণ। আশা করছি, জুলাইয়ের শেষেও তারা দল বেঁধে আসবে।’বর্ষপূর্তির এই মিটে শুধু বোল্টই নন, অংশ নেবেন সোনাজয়ী আরও ১২ অ্যাথলেট। যাঁদের মধ্যে আছেন মো ফারাহ ও জেসিকা এনিসরা। তিন দিনের এই মিটের এক দিন বরাদ্দ প্যারালিম্পিক অ্যাথলেটদের জন্য। তবে সেখানে থাকছেন না পা-হীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। বান্ধবীকে খুনের দায়ে বিচারাধীন এই দক্ষিণ আফ্রিকানকে আমন্ত্রণই জানাবেন না আয়োজকেরা। যুক্তরাজ্য অ্যাথলেটিকসের চেয়ারম্যান এড ওয়ার্নার চান না প্রতিযোগিতাটি ‘মিডিয়া সার্কাস’ হোক। পিস্টোরিয়াস এলে সাংবাদিকেরা হামলে পড়বেন তাঁর ওপর, আলোটা সরে যাবে অন্যদের ওপর থেকে। এই হলো ওয়ার্নারের যুক্তি। এএফপি, রয়টার্স।