লন্ডনে ব্রাজিল-রাশিয়া ‘প্রীতি’
গত ম্যাচে ব্রাজিল অধিনায়কের বাহুবন্ধনী পরা ডেভিড লুইজ চেলসির। মাঝমাঠের তারকা রামিরেসও চেলসির। উঠতি তারকা, আগামীর বড় ভরসা অস্কারও চেলসির। স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো সংক্ষিপ্ত সময়টা খুব একটা সুখের ছিল না। তার পরও চেলসিকে ভুলে যেতে পারেন না লুইস ফেলিপে স্কলারি। চেলসি তারকাদের সঙ্গে নিয়ে চেলসির সাবেক কোচ আজ মাঠে নামছেন সেই স্ট্যামফোর্ড ব্রিজে। আজ এখানেই রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।আরেক দফায় ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনো স্কলারির কপালের চিরপরিচিত ভাঁজগুলো কমেনি। বরং আরও স্পষ্ট হয়েছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এই সেদিন কপালগুণে ড্র করেছে ইতালির সঙ্গে। আগামী বিশ্বকাপের আয়োজক ব্রাজিলকে নিয়ে দেশটির সমর্থকদের মনে আশার রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কিন্তু মানো মেনেজেসকে সরিয়ে স্কলারিকে নিয়ে আসার ফল এখনো মেলেনি। বরং অনেকেই বলছেন, মেনেজেস ধীরে ধীরে দলটাকে ঠিকই গুছিয়ে এনেছিলেন, আবার ছন্দপতন ঘটানো ঠিক হয়নি।রামিরেস অবশ্য সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধই জানালেন। ‘ঘরের মাঠে’ রাশিয়ার বিপক্ষে খেলতে নামার আগে এই মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বকাপে শুধু অংশই নিতে চাই না, আমি এটা জিততেও চাই। নিজেদের মাঠে খেলা হবে, খেলোয়াড়দের ওপর তাই অনেক দায়িত্ব। ব্রাজিল অনেক বড় একটা দেশ, দলটাও দুর্দান্ত। ঘরের মাঠে বিশ্বকাপটা জিততে পারলে আমরা আজীবন বীরের সম্মান পাব।’এ ম্যাচটি চেলসির মাঠের জন্যও গুরুত্বপূর্ণ। ৬৭ বছর পর এ মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ যে হচ্ছে! এএফপি, রয়টার্স।