সবাই তাকিয়ে লন্ডনের দিকে। আইসিসির সভায় যোগ দিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী এখন সেখানে। ধারণা করা হচ্ছে আইসিসি সভার পাশাপাশি কোনো একসময়ে আকসু তাদের হাতে তুলে দেবে বিপিএলে ফিক্সিংয়ের তদন্ত রিপোর্ট।তবে ধারণাটা সম্ভবত ভুলই প্রমাণিত হবে শেষ পর্যন্ত। চলতি ইংল্যান্ড সফরে বিসিবির কর্মকর্তাদের হাতে আকসুর চূড়ান্ত তদন্ত রিপোর্ট না আসার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে একটি সূত্র। আইসিসির দুর্নীতি দমন বিভাগ নাকি এখনো শেষ করতে পারেনি বিপিএল ফিক্সিংয়ের তদন্ত!তিন মাসের ব্যবধানে বেশ কয়েকবার ঢাকা ঘুরে গিয়ে তদন্তের বাংলাদেশ অংশ মোটামুটি শেষ করলেও বাংলাদেশের বাইরের আরও অনেকের সঙ্গে আকসুর কথা বলা বাকি। ওটাই দেরির কারণ। তা ছাড়া আইসিসির বার্ষিক সভার প্রস্তুতির জন্য মাঝের সময়টায় আকসুর তদন্তকাজের গতিও নাকি কিছুটা কমে গিয়েছিল। এ ক্ষেত্রে বিসিবির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশের বাইরেও অনেক খেলোয়াড়ের নাম আসতে পারে তদন্ত রিপোর্টে। আকসু চায় সবার ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে প্রতিবেন তৈরি করতে। বিসিবিরও চাওয়া ওটাই। বিসিবি মনে করে, শুধু বাংলাদেশি ক্রিকেটার নন, অপরাধী হলে অন্য দেশের ক্রিকেটারদের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত রিপোর্টে।’তদন্ত প্রতিবেদন যে এখনই হস্তান্তর সম্ভব না-ও হতে পারে, লন্ডনে অবস্থানরত বিসিবি কর্মকর্তাদের আকসুই সেই আভাস দিয়েছে। অবশ্য চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া না হলেও আইসিসির বার্ষিক সভার বাইরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বিপিএল তদন্ত নিয়ে পৃথক আলোচনায় বসবেন আকসু ও আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখনই তদন্ত প্রতিবেদন দিতে না-পারার কারণটা হয়তো তখনই ব্যাখ্যা করা হবে আনুষ্ঠানিকভাবে।বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও কাল অনেকটা সে রকম ইঙ্গিত দিলেন। বাংলাদেশ সময় কাল সন্ধ্যা পর্যন্ত তদন্ত প্রতিবেদন না-পাওয়ার বিষয়টি নিশ্চিত করে লন্ডন থেকে টেলিফোনে বলেছেন, ‘দু-এক দিনের মধ্যে আকসু কর্মকর্তারা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। আলোচনা হলেই বুঝতে পারব কবে তদন্ত রিপোর্ট পাব। তবে তদন্ত শেষ হতে হয়তো আরেকটু সময় লাগবে।’ আইসিসির সভা শেষে ৩০ জুন দেশে ফেরার কথা বিসিবি সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার।ক্রিকেটের দুর্নীতি নিয়ে আলোচনা হবে গতকাল থেকে শুরু আইসিসির বার্ষিক সভায়ও। আকসু প্রধানের বার্ষিক প্রতিবেদন পেশ সভার আলোচ্যসূচিরই অংশ। প্রাসঙ্গিকভাবে সেখানেও উঠে আসতে পারে বিপিএলের ফিক্সিং প্রসঙ্গ।লন্ডনেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন না পেলে অবশ্য বিসিবির একটা ইচ্ছাপূরণ হয়। বিসিবি চায় আকসু কর্মকর্তাদের পাশে রেখে চূড়ান্ত প্রতিবেদনটা জনসম্মুখে প্রকাশ করতে। সে ক্ষেত্রে লন্ডনে হয়তো নয়, আকসুর প্রতিবেদনে কী আছে, সেটা জানা যাবে ঢাকাতেই। শুধু অপেক্ষা করতে হতে পারে আরেকটু।