লন্ডনে সুয়ারেজের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ফুটবল সাপোর্টারস ফেডারেশন অ্যাওয়ার্ডস জিতেছেন লুইস সুয়ারেজ। স্ত্রী সোফিয়ার সঙ্গে প্রাণখোলা হাসিই বলে দিচ্ছে কতটা আনন্দিত লিভারপুল স্ট্রাইকার। পরশু লন্ডনে ওয়েবসাইট
২০১৩ সালের ফুটবল সাপোর্টারস ফেডারেশন অ্যাওয়ার্ডস জিতেছেন লুইস সুয়ারেজ। স্ত্রী সোফিয়ার সঙ্গে প্রাণখোলা হাসিই বলে দিচ্ছে কতটা আনন্দিত লিভারপুল স্ট্রাইকার। পরশু লন্ডনে ওয়েবসাইট

সময় কত দ্রুতই না সবকিছু ভুলিয়ে দেয়। এই তো, গত মার্চেও তাঁকে নিয়ে কত কথা! মাঠেই চেলসির ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দেওয়ার পর কম সমালোচনা তো আর শুনতে হয়নি। লুইস সুয়ারেজ নিষিদ্ধও হয়েছিলেন ১০ ম্যাচের জন্য।

নিন্দিত নরক থেকে এখন নন্দিত স্বর্গে প্রত্যাবর্তন। দুঃসময় পেছনে ফেলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে সবচেয়ে বেশি ১৭ গোল তাঁরই। সুয়ারেজ যেন এক ছুটন্ত ঘোড়া। অবাক করা ব্যাপার, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর মাত্র একটি হলুদ কার্ড দেখেছেন। অথচ একটু পেছনে তাকালেই ছবিটা ভিন্ন। ২০১০ সালের পর নানা কারণে ২৫ ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়েছেন সুয়ারেজ। তাতে কিনা কোনো লাল কার্ডের শক্তি ছিল না।

পরশু আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামও আলোকিত হয়ে থাকল সুয়ারেজ-আলোতে। পাঁচ লাখ সমর্থকের ভোটে জিতেছেন ২০১৩ সালে ইংল্যান্ডের ‘ফুটবল সাপোর্টারস ফেডারেশন অ্যাওয়ার্ডস’। উত্থান-পতন মিলে ঘটনাবহুল একটা বছরই গেল সুয়ারেজের। তাঁর কথায়ও সেটির প্রকাশ, ‘গেল বছরটা বেশ ঘটনাবহুল ছিল আমার জন্য। এই ট্রফিটা আমার কাছে আসলেই বিশেষ কিছু। আমি মাঠে পরিশ্রম করছি, এটি তারই একটা স্বীকৃতি।’”

দুঃসময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ দিলেন ক্লাবের সবাইকে, ‘কঠিন একটা সময়ের পর অ্যানফিল্ডে ফেরাটা আসলেই অবিশ্বাস্যই ছিল। সবাই আমাকে অনেক সাহায্য করেছে, আমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তা ছিল খুবই গুরুত্বপূর্ণ।’

সুয়ারেজ দুর্দান্ত খেলছেন, লিভারপুলও আছে শিরোপা লড়াইয়ে (শীর্ষে আর্সেনাল, দুইয়ে লিভারপুল)। সুয়ারেজ এখন লিভারপুলকে লিগ শিরোপা জেতানোর স্বপ্নে বিভোর, ‘আমরা যদি পরের দুই বা তিন সপ্তাহে এমন খেলতে পারি, তাহলে আমরা শীর্ষ চারে থাকতে পারি। অথবা লিগও জিততে পারি। কার্ডিফের পর আমাদের দুটি কঠিন ম্যাচ আছে (ম্যানসিটি ও চেলসি)। সে দুটি খুবই গুরুত্বপূর্ণ।’ এএফপি।