লন্ডনে ১৯ 'নিরপেক্ষ' রুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় মঞ্চে সোনার পদক গলায় দাঁড়িয়ে একজন অ্যাথলেট। কিন্তু না উড়ছে তাঁর দেশের পতাকা, না বাজছে তাঁর জাতীয় সংগীত। এমন দৃশ্য দেখা যেতে পারে ৪ আগস্ট থেকে লন্ডনে শুরু এবারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেই। অবশ্য রাশিয়ার ‘নিরপেক্ষ’ অ্যাথলেটরা সোনা জিতলেই হবে এমনটা।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ কেলেঙ্কারিতে অ্যাথলেটিকস বিশ্বে অনেক দিন ধরেই নিষিদ্ধ রাশিয়ার অ্যাথলেটিকস ফেডারেশন। গত রিও অলিম্পিকেও অনেক দেন-দরবারের পর একমাত্র রুশ হিসেবে অ্যাথলেটিকসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন লং জাম্পার দারিয়া ক্লিশিনা।

এবার লন্ডনে সে সুযোগ অবশ্য পাচ্ছে না রাশিয়া। রাশিয়ার পতাকা নিয়ে অংশ নিতে পারছেন না কোনো অ্যাথলেট। তবে নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন ১৯ জন রুশ অ্যাথলেট। তাঁদের একজন ১১০ মিটার হার্ডলসের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সের্গেই শুবেনকভ।

বেইজিংয়ের সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন নিয়েই লন্ডনে যাবেন এই রুশ হার্ডলার। তবে লন্ডনে রাশিয়ার পতাকা থাকা না-থাকা নিয়ে অতটা ভাবছেন না রুশ অ্যাথলেটরা। শুবেনকভই যেমন বলেছেন, ‘আমি চেষ্টা করব এটা নিয়ে না ভাবতে, চাইব এটাকে গুরুত্ব না দিতে।’

মেয়েদের হাইজাম্পের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া লাসিৎসকেনের কাছেও বেশি গুরুত্ব পাচ্ছে শিরোপা ধরে রাখাটাই, ‘আমি নিরপেক্ষ হিসেবে অংশ নেব। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফল—শিরোপা ধরে রাখা।’ রয়টার্স।