লন্ডনের ভিসা পেলেন কানেরিয়া
লন্ডনের ভিসা পাচ্ছিলেন না। এ কারণে দানিশ কানেরিয়ার শুনানি দুই দফা পেছায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে এবার আর শুনানি পেছাতে হবে না। কানেরিয়া অবশেষে লন্ডনের ভিসা পেয়েছেন। ১৮ জুন পাকিস্তানি এই লেগ-স্পিনারের শুনানি হবে। বার্তা সংস্থা পিটিআইকে কানেরিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, অবশেষে লন্ডনে যাওয়ার ভিসা পেয়েছেন কানেরিয়া। শুনানিতে অংশ নিতে ১৪ জুন পাকিস্তান ছাড়বেন তিনি। সঙ্গে যাচ্ছেন তাঁর আইনজীবী ফারুগ নাসিম। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আত্মবিশ্বাসী কানেরিয়া।কানেরিয়ার পারিবারিক একটি সূত্র জানায়, ইসিবির অভিযোগের জবাব প্রস্তুত করেছেন কানেরিয়া ও তাঁর আইনজীবীরা। শুনানিতে তা ইসিবির কাছে উপস্থাপন করা হবে।কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে দুর্নীতি করার অভিযোগে গত এপ্রিল মাসে কারেনিয়াকে অভিযুক্ত করে শুনানির জন্য চিঠি দেয় ইসিবি। শুনানিতে দোষী সাব্যস্ত হলে বিশ্বব্যাপী নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানি এই স্পিনার।২০০৯ সালে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের থাকার কথা স্বীকার করায় গত ফেব্রুয়ারিতে কানেরিয়ার সাবেক সতীর্থ মেলভিন ওয়েস্টফিল্ডকে চার মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের একটি আদালত। শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, পাকিস্তানি স্পিনার কানেরিয়ার প্ররোচনাতে স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি।কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগের তির শুরু থেকেই ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও আইসিসি তদন্ত চালায়। ২০১০ সালে পুলিশ কানেরিয়াকে জিজ্ঞাসাবাদও করেছিল। তখনকার তদন্ত বা জিজ্ঞাসাবাদে অবশ্য তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তবে আদালতে ওয়েস্টফিল্ডের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। অভিযুক্ত করা হয় কারাগারে থাকা ওয়েস্টফিল্ডকেও।এখনো দোষী সাব্যস্ত হননি, তবে পাকিস্তান ক্রিকেটে নিষিদ্ধই রয়েছেন কানেরিয়া। তাঁর সততা নিয়ে সন্দেহ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠিত ‘নৈতিকতা’ কমিটির। যতক্ষণ পর্যন্ত এই সন্দেহ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই লেগ-স্পিনারকে জাতীয় দলে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পিসিবি। বাট-আমির-আসিফদের স্পট কেলেঙ্কারির পর এই ‘নৈতিকতা’ কমিটি গঠন করা হয়। পাকিস্তানের হয়ে খেলতে হলে শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে কানেরিয়াকে।