লরগাত যা খুশি বলতে পারেন: ভারতীয় বোর্ড
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের অভিযোগ ঠিক, নাকি ভারতীয় বোর্ডের—জবাব মেলেনি এখনো। বিতর্ককে ধামাচাপা দিতেই কিনা লরগাতের অভিযোগ নিয়ে কোনো কথা বলতে নারাজ ভারতীয় বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।‘লরগাত যা ইচ্ছা বলতে পারেন। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমরা’—টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন ভারতীয় বোর্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠি। মন্তব্য নেই বোর্ডের সচিব শ্রীনিবাসনেরও, ‘এ বিষয়ে বোর্ডের কিছুই বলার নেই।’গতকাল মঙ্গলবার হারুন লরগাত বলেন, ‘আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের না আসাটা লজ্জাজনক। কয়েক মাস আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। তাঁদের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছিলেন তাঁরা। ভারতের মতো দলের কাছে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়।’তবে ভারতীয় বোর্ডের পাল্টা অভিযোগ, আইসিসি আগে থেকে ক্রিকেটারদের আমন্ত্রণ জানায়নি। অনুষ্ঠানের দিন দুপুর ১২টার দিকে আইসিসির একজন কর্মকর্তার কাছে অনুষ্ঠানের বিষয়ে জানতে পারেন তাঁরা। অবশ্য এ অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে ওই অনুষ্ঠানে ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার উপস্থিতি। এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন আইসিসির প্রেসিডেন্ট শারদ পাওয়ার, যিনি ভারতীয় বোর্ডের সাবেক প্রধান। অনুষ্ঠানে শুক্লা ও পাওয়ারের অংশগ্রহণ প্রমাণ করে, আইসিসি ভারতীয়দের এ অনুষ্ঠান সম্পর্কে অন্ধকারে রেখেছিল—অভিযোগটা ঠিক নয়। ওয়েবসাইট।