লরগাতের সফর আশা দেখাচ্ছে পাকিস্তানকে
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান এখনো পরিত্যাজ্য এক দেশই হয়ে আছে। গত বছর ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক কোনো দল তো নয়ই, আইসিসির কোনো কর্মকর্তাও এত দিন পাকিস্তান সফর করেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে ১৫ এপ্রিল হারুন লরগাতের সফর দিয়েই ঘুচতে যাচ্ছে সে বন্ধ্যাত্ব। ওয়েবসাইট। সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট ও পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলন করবেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। লাহোরের ঘটনার পর আইসিসির কোনো কর্মকর্তা এই প্রথম যাচ্ছেন পাকিস্তানে। আর লরগাত একা নন, সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকবেন আইসিসির অন্য কর্মকর্তারাও। করাচিতে আইসিসি প্রতিনিধি দলের এই সফর পুরো এক দিনেরও নয়। পিসিবি অবশ্য তার পরও খুশি। এক কর্মকর্তা বলেছেন, ‘লরগাত ও তাঁর সঙ্গীরা করাচিতে এক দিনেরও কম সময় থাকবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ফিরে আসার জন্য এই সফর গুরুত্বপূর্ণ।’