লরিয়াসে রোনালদো আছেন মেসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে ট্র্যাকে যে রকম কাটিয়েছেন, তাতে অনুমিতই ছিল লরিয়াস পুরস্কারের দৌড়ে উসাইন বোল্ট থাকবেন। ‘লরিয়াস বিশ্বের বর্ষসেরা ক্রীড়াবিদ’-এর পুরস্কারের জন্য গতকাল ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আছেন বোল্ট। মেয়েদের বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছেন সেরেনা উইলিয়ামসও। ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত এই পুরস্কার এবার দেওয়া হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, ২৬ মার্চ।
এর আগে তিনবার (২০০৯, ২০১০ ও ২০১৩) এই পুরস্কার জেতা বোল্ট ছাড়াও ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্রিটিশ দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও জার্মানির ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্তিয়ান ভেটেল। জায়গা হয়নি লিওনেল মেসির। এএফপি।
মেয়েদের তালিকায় সেরেনা ছাড়াও আছেন বোল্টের স্বদেশি স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইজ, যুক্তরাষ্ট্রের সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন, জার্মানির ফুটবলার নাদিনে অ্যাঙ্গারার, রাশিয়ার পোল ভল্টার ইয়েলেনা ইসিনবায়েভা ও স্লোভাকিয়ান স্কিয়ার টিনা মেজ।