লর্ডস-স্বপ্ন পূরণের অপেক্ষা
শাহাদাত হোসেন জটিল করে কথা বলতে পারেন না, জ্ঞানী জ্ঞানী কথাও তাঁর মুখ থেকে শুনবেন না। কার কাছ থেকে নাকি জেনেছেন, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে লর্ডসের মতো করে বানানো হবে। সেটা এখনো হয়নি বলে ডার্বিতে সেদিন ধরে বসলেন বিসিবি পরিচালক জালাল ইউনুসকে, ‘আপনারা না লর্ডসের ওই কাঁটাটা (দিকনির্দেশনা কম্পাস) মিরপুর স্টেডিয়ামে আনেন। কই এখনো তো আনলেন না!’শাহাদাত হয়তো ভুল জেনেই ভুল কারণেই জালাল ইউনুসকে প্রশ্নটা করেছেন। তবে এটা নির্ভুল, ক্রিকেট-তীর্থ লর্ডস শাহাদাতের জীবনে অনেক বড় একটা মাইলফলক গেঁথে দিয়েছে! ২০০৫ সালের ২৬ মে লর্ডসেই টেস্ট অভিষেক এই পেসারের। প্রথম ইনিংসে ১২ ওভারে ১০১ রান দিয়ে অভিষেকটা দুঃস্বপ্নের মতো হলেও ‘লর্ডস’ শাহাদাতের জন্য আবেগের আরেক নাম। তার ঠিক পাঁচ বছর পর ২৭ মে সেই লর্ডসেই যখন আরেকবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড, শাহাদাতের উত্তরসূরি হয়ে তখন টেস্ট ক্যাপ পরার অপেক্ষায় আরেক পেসার রবিউল ইসলাম।ইংলিশ কন্ডিশন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সব সময়ই একটা বিভীষিকা। এবারও টেস্ট সিরিজ শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলো তাই বলেছে। তবে বোলারদের, বিশেষ করে পেস বোলারদের জন্য ব্যাপারটা উল্টো। সারে, এসেক্স আর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশি বোলাররা প্রতিপক্ষের যে ৩৬টি উইকেট ফেলতে পেরেছে তার ২৬টিই পেসারদের। পেসারদের এই সাফল্যের নেতৃত্বে ছিলেন রবিউল ইসলাম। তিন ম্যাচে তাঁর একারই ১২ উইকেট!লর্ডস টেস্টের দল আনুষ্ঠানিকভাবে জানা যাবে হয়তো টেস্টের আগের দিন। সাকিব আল হাসানের অসুস্থতা আর তামিম ইকবালের হাতের ইনজুরি যে জট পাকিয়ে দিয়েছে তাতে ঘোষণাটা টেস্টের দিন সকালেও হতে পারে। তবে একটা কথা সম্ভবত এখনই বলে দেওয়া যায়—লর্ডসে তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ এবং তাতে রবিউলের থাকা নিশ্চিত। টেস্টের এখনো পাঁচ দিন বাকি বলেই বাংলাদেশ কোচ জেমি সিডন্স অবশ্য কথাটা বললেন একটু ঘুরিয়ে, ‘রবিউলের লর্ডস টেস্টে খেলার খুবই সম্ভাবনা আছে। তবে টেস্টের তো এখনো দিনকয়েক বাকি। আমি বলব, ইনজুরি বা অন্য কোনো সমস্যা না হলে রবিউল হয়তো খেলবে।’মাহবুবুল আলমের অ্যাঙ্কেলে সমস্যা, হাঁটুতে চোট ছিল শফিউলের, শাহাদাতও মাত্রই কাটিয়ে উঠছেন কুঁচকির চোট। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আর ফিটনেসের সুবাদে পেস বোলারদের দলে আসার প্রতিযোগিতায় তাই সবচেয়ে এগিয়ে রবিউল। এর পরই থাকবেন শফিউল, শাহাদাত বা রুবেল হোসেন। এত দিনে রবিউলও বুঝে গেছেন লর্ডস তাঁকে ডাকছে। লর্ডস-স্বপ্ন পূরণের শিহরণ গায়ে মাখার প্রস্তুতিও নিতে শুরু করেছেন, ‘দল এখনো চূড়ান্ত হয়নি। আশা করি, প্রথম টেস্টেই সুযোগ পাব। কখনো আশা করিনি লর্ডসে অভিষেক টেস্ট খেলব। সেটা হলে অবশ্যই অনেক বড় ব্যাপার হবে।’ কখনো আশা না করলেও এখন যে স্বপ্নটা ঠিকই দেখতে শুরু করেছেন, রবিউলের জন্য সেটার কারণ মূলত ইংলিশ কন্ডিশনটাকে বুঝে ফেলা, ‘এখানে বল করতে আমার একদমই সমস্যা হয়নি। শুনেছি, এসব উইকেটে সুইং ভালো হয়। আমিও তা-ই করার চেষ্টা করেছি, সফলও হয়েছি।’শুধু রবিউল কেন, বাংলাদেশ দলের বেশির ভাগ ক্রিকেটারের কাছেই লর্ডসে খেলাটা ক্রিকেট-রূপকথা। মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম আর শাহাদাত হোসেন ছাড়া এই দলের আর কেউই এর আগে লর্ডসে খেলেননি। নতুনদের তাই লর্ডসের মাহাত্ম্য বোঝাচ্ছেন অভিজ্ঞরা। কাল অনুশীলনে নামার আগে সহ-অধিনায়ক মুশফিকুর রহিম সেটাই জানালেন, ‘লর্ডসে খেলা বিশাল ব্যাপার। ওখানে একটা বোর্ড আছে, ৫ উইকেট পেলে বা ১০০ রান করলে তাতে নাম ওঠে। ওটা আমাদের অনুপ্রাণিত করবে। কারণ ভালো খেললে গ্রেট প্লেয়ারদের সঙ্গে আমাদেরও নাম থাকবে। নতুন খেলোয়াড়দের সঙ্গে আমি এ নিয়ে কথা বলেছি।’ তবে মুশফিকুর মনে করিয়ে দিচ্ছেন, লর্ডসের রোমাঞ্চ আর শিহরণটাই সব নয়। এখানে ভালো খেলতে হলে সেসব ভুলে ক্রিকেটের চিরচেনা রূপটাকেই মনে রাখতে হবে বেশি, ‘আমি যখন প্রথম লর্ডসে ঢুকি পুরো অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। তবে মাঠের মাঝের ২২ গজ কিন্তু বিশ্বের সব জায়গায়ই একই রকম। আমি ক্রিকেটারদের বলেছি সবকিছু আসলে একই রকম থাকবে, শুধু নিজের কাজটা ঠিকভাবে করে আসতে হবে। লর্ডসে খেলা সার্থক হবে তখনই। আর এখানে ভালো খেললে সেটা স্মরণীয়ও হয়ে থাকবে আজীবন।’শেষ কথাটা শুধু নতুনেরাই নন, মনে রাখতে পারেন দলের সবাই। লর্ডসে অভিষেক ম্যাচ বা একটা টেস্ট খেলার চেয়েও বড় স্বপ্ন হওয়া উচিত ক্রিকেট-তীর্থে বলার মতো কিছু করে যাওয়া।