লর্ডসে উজ্জ্বল ‘স্বাগতিক’ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ইংল্যান্ডে নিরপেক্ষ টেস্ট, আবারও নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের টেস্ট, আবারও টেস্ট ক্রিকেটে শহীদ আফ্রিদি এবং আবারও লর্ডস টেস্টে কোনো ইংলিশ আম্পায়ার—অনেক ‘আবারও’ নিয়ে শুরু হলো পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় গিয়ে নাকানিচুবানি খেয়ে আসা পাকিস্তান ‘হোম’ টেস্টে ভালোই চেপে ধরেছে অস্ট্রেলিয়াকে। কাল প্রথম দিনে অস্ট্রেলিয়া তুলেছে ২২৯ রান, হারিয়ে ফেলেছে ৯টি উইকেট। প্রতিকূল আবহাওয়ার কারণে ২০ ওভার খেলা অবশ্য হয়নি।ইংল্যান্ডে নিরপেক্ষ টেস্ট কিন্তু এই প্রথম নয়। ১৯১২ সালে ইতিহাসের প্রথম ত্রিদেশীয় টেস্ট টুর্নামেন্ট হয়েছিল ইংল্যান্ডে, স্বাগতিকেরা ছাড়া খেলেছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটে দুজন নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম চালুর পর লর্ডস টেস্টেও এই প্রথম দাঁড়ালেন কোনো ইংলিশ আম্পায়ার, ইয়ান গোল্ড।বল হাতে প্রথম বলেই বাউন্ডারি খেয়েছেন, ৩ ওভারে দিয়েছেন ২৫। চার বছর পর ‘ক্রিকেটার’ আফ্রিদির টেস্টে ফেরাটা ভালো না হলেও দুর্দান্ত বলতে হবে ‘অধিনায়ক’ আফ্রিদির টেস্ট অভিষেক, নজর কেড়েছেন বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানোতে।৪ রানেই শেন ওয়াটসনকে বোল্ড করে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ আমির। টেস্ট ক্রিকেটে মোট রানে ব্রায়ান লারাকে ছাড়িয়ে যাওয়ার এক বল পরে রিকি পন্টিংকেও ফিরিয়ে দেন তরুণ এই বাঁহাতি পেসার। ২ রানের মাথায় নিশ্চিত এলবিডব্লু থেকে বেঁচে যাওয়া সাইমন ক্যাটিচ অস্ট্রেলিয়াকে উদ্ধার করেন মাইকেল ক্লার্ককে নিয়ে ১২০ রানের জুটি গড়ে। তবে টানা দুই ওভারেই এই দুজনের সঙ্গে মার্কাস নর্থকেও ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে চালকের আসনে বসান মোহাম্মদ আসিফ। এরপর অস্ট্রেলিয়া আসলে দাঁড়াতেই পারেনি। ষষ্ঠ উইকেটে পেইন-হাসির ৩২ রানের জুটিটা বাদে আর কোনো জুটিই দুই অঙ্ক ছোঁয়নি। হাসি অবশ্য এখনো এক পাশ আগলে রেখেছেন। তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে নাগালের মধ্যে বেঁধে ফেলার দারুণ সম্ভাবনার সামনে দাঁড়িয়ে পাকিস্তান।