
লর্ডসের দর্শকেরা তখন কেউ ঝিমাচ্ছেন। প্রচণ্ড রোদ থেকে বাঁচতে কেউ খবরের কাগজ ভাঁজ করে ছাতা বানিয়ে ধরেছেন মাথার ওপর। আগের দুই দিন জমজমাট লড়াইয়ের পর হঠাৎ করেই টেস্টটা এত নিষ্প্রাণ হয়ে উঠেছিল যে, ধারাভাষ্যকক্ষে বসে সৌরভ-দ্রাবিড়রাও খেলার চেয়ে অন্য বিষয় নিয়ে বেশি আলোচনায় মশগুল। লিয়াম প্লাঙ্কেটের জোড়া আঘাত ঠিক তখনই।
ভারতের ইনিংসের ৪৪তম ওভার। তৃতীয় বলে চেতেশ্বর পূজারা ক্যাচ দিলেন ম্যাট প্রায়রের হাতে। চতুর্থ বলে বিরাট কোহলি বোল্ড! না, শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি প্লাঙ্কেটের। কিন্তু অনেকক্ষণ ধরে ম্যাড়মেড়ে হয়ে থাকা টেস্টে যেন ওই ওভারের দুই বলে প্রাণ ফিরিয়ে আনলেন ইংলিশ পেসার। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬৯। লিড ১৪৫ রানের। প্রথম ইনিংসে ভারতের ২৯৫ রানের জবাবে ইংল্যান্ড তুলেছিল ৩১৯ রান।
বল হাতে হঠাৎ বিকেলের দিকে নায়ক হয়ে ওঠা প্লাঙ্কেট দিনের শুরুতে ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি। ৬ উইকেটে ২১৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রায়র-প্লাঙ্কেটের জুটিতে একসময় বড় লিডের স্বপ্নই দেখছিল। কিন্তু ২৬৫ রানে প্রায়র ফিরে যাওয়ার পর ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। তারপর বল হাতে আগের দিনের নায়ক ভুবনেশ্বর কুমারের জোড়া আঘাতে ফিরে যান বেন স্টোকস আর স্টুয়ার্ট ব্রডও। ট্রেন্ট ব্রিজে আগের টেস্টে ৫ উইকেট পাওয়া ভুবনেশ্বরের লর্ডসের প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। ইংল্যান্ডের মাঠে দুবার করে ৫ উইকেট পাওয়া অষ্টম ভারতীয় বোলার তিনি।
এত কিছুর মধ্যেও একপ্রান্তে অবিচল ছিলেন প্লাঙ্কেট। লর্ডসে ব্যাট হাতে নামার আগে শেষ ৬ ইনিংস মিলিয়ে করেছিলেন ৫০ রান। কিন্তু কাল শেষ পর্যন্ত মাঠ ছাড়েন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করে, ৫৫ রানে অপরাজিত থেকে। ইংল্যান্ড পেল ২৪ রানের লিড।