লর্ডসে ব্রডের ‘ডাবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস নামটা নিশ্চয়ই এখন আর যন্ত্রণা দেবে না স্টুয়ার্ট ব্রডকে!ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যাটিং-কীর্তিটা এখানেই। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ১০২ রানে ৭ উইকেট হারানোর পর নেমে খেলেছিলেন ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। কিন্তু ব্রডের টেস্ট নয়, ক্রিকেট ইতিহাস ম্যাচটিকে মনে রাখবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য। ব্রডের কৃতিত্বেও স্বাভাবিকভাবে একটা গ্রহণ লেগে থাকার কথা। এ নিয়ে তাঁর নিজেরও ছিল সংশয়।সংশয় যা-ই থাকুক, লর্ডসের ব্যাটিং অনার্স বোর্ডে নাম তো ঠিকই আছে। পরশু নাম তুললেন আবার, এবার বোলিং অনার্স বোর্ডে। ক্রিকেট-তীর্থের দুই অনার্স বোর্ডেই নাম তোলা মাত্র সপ্তম ক্রিকেটার ব্রড, ইংল্যান্ডের পঞ্চম। এই কীর্তি নেই সোবার্স-ইমরান-কপিল-ক্যালিসের মতো ক্রিকেট ইতিহাসের অনেক বিখ্যাত অলরাউন্ডারেরও। এবার যদি আক্ষেপ একটু কমে ব্রডের!ব্রডের স্বদেশিদের মধ্যে এই কীর্তি ছিল গাবি অ্যালেন, রে ইলিংওয়ার্থ, ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফের। ইংল্যান্ডের বাইরের কারও সর্বশেষ এই কীর্তি ১৯৫৩ সালে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কিথ মিলারের। ১৯৫২ সালে ছিল ভিনু মানকড়ের। ব্রডের অবশ্য মনে পড়ল সাম্প্রতিকতম দুজনের কথাই। তবে নিজের কীর্তির চেয়েও বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘ফ্রেড (ফ্লিনটফ) ও বিফিকে (বোথাম) অনুসরণ করতে পারা দারুণ সম্মানের, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রথম দিনে আমরা ৯টি উইকেট নিতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল অন্তত ৭টি উইকেট নেওয়া। দিনের শুরুটা আমাদের ভালো হয়নি, বিশেষ করে আমার। হয়তো উইকেট আমাদের প্রত্যাশার চেয়ে একটু মন্থর ছিল বলে। সময়ের সঙ্গে উইকেটের গতি বেড়েছে, আমরাও লেন্থ খুঁজে পেয়েছি।’প্রথম স্পেলে ৮ ওভারে ৩০ রান দিয়েও উইকেটশূন্য ছিলেন ব্রড। দ্বিতীয় স্পেলে ফিরে তুলে নেন দারুণ খেলতে থাকা আড্রিয়ান বারাথকে। তৃতীয় স্পেলে টানা দুই ওভারে ফেরান স্যামুয়েলস ও রামদিনকে। দ্বিতীয় নতুন বলে স্যামি-রোচ-এডওয়ার্ডকে। কাল দিনের প্রথম বলেই শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবার পেলেন ৭ উইকেট। শিবনারায়ণ চন্দরপলের রক্ষণদেয়াল অবশ্য ভাঙতে পারেননি ব্রড। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যানকে কুর্নিশ করে সতীর্থদের বলেছেন শিক্ষা নিতে, ‘সুইঙ্গিং কন্ডিশনে শিব অনেক দেরিতে খেলেছে। যদিও এখানে আমাদের ব্যাটিং রেকর্ড ভালো, তার পরও ওর ব্যাটিং থেকে আমরা অনেক শিখতে পারি। ওকে শট খেলতে প্রলুব্ধ করা মুশকিল, এ জন্যই ও এক নম্বর।...কিছু বুঝে ওঠার আগেই ২০-৩০ করে ফেলে।’ এএফপি, ওয়েবসাইট।