লর্ডসে যদি জাগে লঙ্কানরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহেলা জয়াবর্ধনের এখনো বিশ্বাস হচ্ছে না। কার্ডিফে শেষ দিনের খেলা শুরু হয়েছিল বেলা ৩টায়, ম্যাচের তখনো দুই ইনিংসই শেষ হয়নি। সেই ম্যাচটাও হেরে বসেছেন, মানতেই পারছেন না সাবেক অধিনায়ক। আপাতত প্রধান কোচের দায়িত্ব নিলেও স্টুয়ার্ট ল মূলত ব্যাটিং কোচ। তাঁর দল ২৫ ওভারের মধ্যে গুটিয়ে যাওয়ায় রীতিমতো বিব্রত ল। নতুন অধিনায়ক তিলকরত্নে দিলশান বা দলের বাকিদের মানসিক অবস্থাও এর চেয়ে ভালো হওয়ার কথা নয়।বিস্ময় এখনো কাটেনি, এখনো তাড়িয়ে বেড়াচ্ছে কার্ডিফের দুঃস্বপ্ন। অভিশপ্ত ওই শেষ সেশনের পর পেরিয়েছে মাত্র দুটি দিন! এর মধ্যেই আবার লঙ্কানদের নেমে পড়তে হচ্ছে সম্মান আর সিরিজ বাঁচানোর লড়াইয়ে। আজই শুরু লর্ডস টেস্ট। কার্ডিফের শেষ সেশনটা যে শুধুই এক দুর্ঘটনা, সেটা প্রমাণের দায় তো আছেই। এই টেস্ট হারলে সিরিজ শেষ হয়ে যাবে এক ম্যাচ আগেই। চাপ তাই অনন্ত। ইংলিশদের অবস্থা ঠিক উল্টো। ওয়েলশের আবহাওয়া, সেরা বোলারের (অ্যান্ডারসন) চোট, সব বাধা পেরিয়ে এমন এক জয় পাওয়ার পর কোনো কিছুকেই আর অসম্ভব মনে হওয়ার কথা নয় স্ট্রাউসের দলের। বোলারদের আগে শ্রীলঙ্কাকে যথেষ্ট ভুগিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরাও। ‘রানমেশিন’ জোনাথন ট্রট বিস্ময় উপহার দিয়েই যাচ্ছেন। অ্যাশেজে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। সর্বশেষ সাত টেস্টের পাঁচটিতেই ইনিংসে জিতল ইংল্যান্ড। সব মিলিয়ে আত্মবিশ্বাস নিশ্চয়ই ছুঁতে চাইছে আকাশ।ল নিকট অতীতে তাকাতে চান না, চান খানিকটা দূর অতীতে তাকাতে। ২০০৬ সালে, ইংল্যান্ডে সর্বশেষ সফরে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার দারুণ এক কীর্তি আছে লঙ্কানদের এই লর্ডসেই। প্রথম ইনিংসে ৩৫৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা, প্রায় বাকি ছিল আড়াই দিন। কিন্তু ১৯৯ ওভার ব্যাট করে ম্যাচ বাঁচিয়েছিল তারা। সেঞ্চুরি করেছিলেন জয়াবর্ধনে, ফিফটি ছিল আরও ছয়টি। এমনকি ৯ ও ১০ নম্বর ব্যাটসম্যানও পেয়েছিলেন ফিফটি। সেই স্মৃতি থেকে অনুপ্রেরণার রসদ খুঁজতে বলেছেন ল। ক্রিকেট-তীর্থে খেলার অনুপ্রেরণা তো আছেই। লর্ডসের ছোঁয়ায় যদি কার্ডিফ-দুঃস্বপ্ন ভুলে জেগে উঠতে পারে লঙ্কানরা! এএফপি, ওয়েবসাইট।