লর্ডসে স্পট ফিক্সিং
এ সব সত্যি! পূর্বপরিকল্পনা অনুযায়ী ইচ্ছে করেই দুটি নো-বল করেছেন মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ একটি। সন্দেহের তালিকায় আছেন সাত পাকিস্তানি ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, ‘নাটের গুরু’ অধিনায়ক সালমান বাট, জড়িত আছেন কামরান আকমলও, বাকি তিনজনের নাম এখনো জানা যায়নি। নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর প্রতিবেদনের ভিত্তিতে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আটক করা হয়েছে মাজহার মাজিদ নামের এক বাজিকরকে। মাজিদের দাবি, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ৪-৫ বছর ধরে, অনেক ক্রিকেটারের ‘স্পনসর এজেন্ট’ হিসেবেও কাজ করছেন। স্পট ফিক্সিং করছেন আড়াই বছর ধরে। স্পট ফিক্সিংয়ের প্রস্তাবটা এসেছিল ক্রিকেটারদের পক্ষ থেকেই! মাজহার মাজিদ ও তাঁর ছোট ভাই আজহার মাজিদের সঙ্গে দেখা না করতে সফরের শুরুতেই পাকিস্তানের ক্রিকেটারদের নিষেধ করে দিয়েছিলেন ম্যানেজার ইয়াওয়ার সাঈদ। পুরো ব্যাপারটা তদন্ত করছে স্কটল্যান্ড ইয়ার্ড। বাট, আসিফ, আমির ও কামরানের বিবৃতি নিয়েছেন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা।