লর্ডসে হাসতে পারছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুখ-বিসুখে অনেক সময় সাময়িক উপশমের ব্যবস্থা হয়। লন্ডনের এক চিকিত্সক তামিম ইকবালের মন ভালো করতে সে রকমই এক উপশম বাতলে দিলেন। তামিম তাতে খুশি—অন্তত লর্ডস টেস্টটা খেলতে তো আর কোনো বাধা রইল না!ইংল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম দুশ্চিন্তা সাকিব আল হাসানের জলবসন্ত অনেকটাই সেরে গেছে। কাল সকালে লর্ডসে হালকা ফিল্ডিং প্র্যাকটিসের পর ব্যাটিং-বোলিংও করেছেন। প্রথম টেস্ট খেলার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। আর দল সূত্রের তথ্য, লর্ডসে নিশ্চিতভাবেই অধিনায়ককে ফিরে পাচ্ছে বাংলাদেশ। কাল চিকিত্সক দেখিয়ে ফেরার পর আশাবাদী হয়ে উঠেছেন তামিমও। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাঁ কবজির পুরোনো ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠায় শঙ্কা জেগেছিল, হয়তো টেস্ট সিরিজটাই মিস হতে চলেছে তাঁর। কাল সকালে দলের অন্যরা যখন লর্ডসে অনুশীলনে ব্যস্ত, ইলবোর্নের এক বিশেষজ্ঞ চিকিত্সকের কাছে ‘শেষ চিকিত্সা’র জন্য গেলেন তামিম। সেখান থেকে ফিরলেন সুসংবাদ নিয়ে—ইংল্যান্ড সিরিজে খেলতে ইনজুরি বড় কোনো বাধা নয়।তামিমের জন্য ‘সুসংবাদের’ মেয়াদটা ক্ষণস্থায়ী উপশমের মতোই। চিকিত্সক যতই বলুন হাড়ের চিড় আগের জায়গা থেকে সরেনি, এ অবস্থায় খেলা যাবে—খেলতে গিয়ে আক্রান্ত স্থানে আরও একবার ইনজুরি হওয়ার আশঙ্কা তো থাকছেই। তা ছাড়া হাতের ব্যথা এখনো আছে। ব্যথানাশক ইনজেকশন দিয়ে সাময়িক উপশমের ব্যবস্থা করতে হবে তাতেও। অনুশীলনের পর হোটেলে ফিরে টিম ম্যানেজমেন্টের এক সভায় সিদ্ধান্তটা তামিমের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। কাল রাতে পরিবারের সঙ্গে কথা বলে তামিম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ম্যানেজমেন্টকে।এর আগে দুপুরে অনুশীলনের পর সাংবাদিকদের কাছে প্রথম টেস্টটা খেলবেন বলেই জানিয়ে গেছেন, ‘ডাক্তার দুটি অপশনের কথা বলেছেন। চাইলে এখন হাতে টেপিং করে খেলতে পারি। অথবা অপারেশন করতে হবে। অপারেশন করলে যেহেতু তিন মাসের জন্য খেলতে পারব না, কোনো একটা ফাঁকা সময় দেখেই সেটা করতে হবে। আর সার্জারি করলেই যে সমস্যা পুরোপুরি সেরে যাবে, ডাক্তার সে নিশ্চয়তা দিতে পারছেন না। কাজেই আদৌ তাতে যাব কি না, সেটাও ভেবে দেখতে হবে। তবে ১১ জনের দলে থাকলে আপাতত আমি লর্ডস টেস্টে খেলব।’ইনজুরি পুরোপুরি সেরে ওঠার আগেই খেলার সিদ্ধান্ত সঠিক হলো কি না, সেটা নিয়ে আলোচনা হতে পারে। সাম্প্রতিক অতীত কিন্তু সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হওয়ার আশঙ্কাই জাগাচ্ছে। বিশেষ করে কাল লন্ডনের বিশেষজ্ঞ চিকিত্সকও যখন বললেন, ব্যথা নিয়ে খেলা চালিয়ে যাওয়াতেই ইনজুরি এখনো পুরোপুরি সারেনি, ‘ডাক্তার বলছেন সমস্যাটা পুরোপুরি ঠিক না হওয়ার একটা কারণ, একসঙ্গে আমি অনেক দিন বিশ্রাম পাইনি। যখনই একটু জোড়া লেগেছে, খেলেছি। আর সেটা ভেঙেছে, আবার একটু ভালো হওয়ায় খেলেছি।’তাহলে ইংল্যান্ড সিরিজটা খেলে আবারও কেন সেই ঝুঁকির পথটাই বেছে নিচ্ছেন তামিম? প্রথম কারণটা অবশ্যই দলের প্রয়োজন। ইংলিশ কন্ডিশনে ইংলিশ বোলারদের বিপক্ষে তামিমের মতো একজন ওপেনারকে পাওয়া বাংলাদেশ দলের জন্য জরুরি। দ্বিতীয় কারণ হতে পারে তামিমের ব্যক্তিগত—‘ক্রিকেট-তীর্থে’ টেস্ট খেলার স্বপ্নপূরণের এত কাছ থেকে কে ফিরে যেতে চায়? কাল তো লর্ডসের লংরুম দিয়ে হাঁটতে হাঁটতেই স্বপ্নের জগতে ঢুকে পড়েছিলেন তামিম, ‘মনে হচ্ছিল, একটা স্বপ্নপূরণ হলো...মাঠে বসে আরেকটা স্বপ্ন দেখেছি। সে স্বপ্নের কথা পরে বলব।’লর্ডস টেস্টের আগে একজন ব্যাটসম্যান কী স্বপ্ন দেখতে পারেন, সেটা অনুমান করা কঠিন নয়। কিন্তু স্বপ্নপূরণের রোমাঞ্চ না আবার নতুন কোনো দুঃস্বপ্ন ডেকে আনে!