লর্ডসেও ব্যর্থ তামিম

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ৫০ ওভার ম্যাচে অবশিষ্ট বিশ্ব একাদশে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত হয়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। কিন্তু সে রোমাঞ্চ পরিপূর্ণতা পেল না। এমসিসি একাদশের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে সাঈদ আজমলের শিকার হয়ে ফিরে গেছেন বাংলাদেশের এ বাঁ-হাতি ব্যাটসম্যান। তামিমের ব্যর্থতার দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অবশিষ্ট বিশ্ব একাদশও। ১৫ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলেছে তামিমদের দল। আজমল একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। বহুদিন পর ওয়ানডে ম্যাচে দেখা মিলল সাদা পোশাক ও লাল বলের। পোশাকের নকশায়ও ছিল অতীতের স্মৃতি।
অস্ট্রেলিয়ান গ্রেট অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে ব্যাট করার সুযোগ হয়েছিল তামিমের। তবে সেটি খুব বেশি সময় দীর্ঘায়িত হয়নি। অবশ্য এ মাঠে তামিমের সুখস্মৃতি রয়েছে। ২০১০ সালের ২৭ মে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে দুই ইনিংসে ৫৫ ও ১০৩ করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। পরের টেস্টেও করেছিলেন সেঞ্চুরি।
সাম্প্রতিক সময়ে তামিমের ব্যাটে নেই রানের ফোয়ারা। ওয়ানডে ম্যাচে সর্বশেষ সেঞ্চুরি এসেছিল গত বছরের মার্চে, হাম্বানটোটায়, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলেছেন আরও সাতটি ওয়ানডে। একটিতেও নেই বলার মতো রান। অবশ্য গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫৮। টি-টিয়োন্টিতেও একই অবস্থা। ব্যাটে রান নেই বহুদিন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ক্রিকেট-তীর্থ লর্ডসেও অব্যাহত থাকল তামিমের।
লর্ডসের দুই দল
এমসিসি একাদশ: অ্যারন ফিঞ্চ, শচীন টেন্ডুলকার (অধিনায়ক), রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপল, ক্রিস রিড (উইকেটকিপার), ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেট লি, উমর গুল, সাঈদ আজমল, শন টেইট৷
অবশিষ্ট বিশ্ব একাদশ: তামিম ইকবাল, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটকিপার), বীরেন্দর শেবাগ, কেভিন পিটারসেন, পল কলিংউড, যুবরাজ সিং, শহীদ আফ্রিদি, শেন ওয়ার্ন (অধিনায়ক), টিনো বেস্ট, পিটার সিডল, মুত্তিয়া মুরালিধরন৷