লর্ডসে জয়ের ‘হাফ সেঞ্চুরি’ হলো ইংল্যান্ডের। এক মাঠে টেস্ট জয়ের ফিফটি আছে আর শুধু অস্ট্রেলিয়ার—মেলবোর্নে ৬০ ও সিডনিতে ৫৬। ১৮৮৪ ও ১৮৮৬—লর্ডসে প্রথম দুটি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর এই প্রথম লর্ডসে টানা দুটি অ্যাশেজ টেস্টে জয়। ২০০৯ সালে লর্ডসে অ্যাশেজের সর্বশেষ টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৭৫ বছর পর! এই জয়ে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ টেস্ট জয়ে এখন সমতায় দুই দল (৪৬)। গত অ্যাশেজের শেষ দুই টেস্টের পর এবার প্রথম দুই টেস্ট—টানা চারটি অ্যাশেজ টেস্ট জিতল ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ডের সর্বশেষ টানা চার জয় ছিল ১৯২৮-২৯ মৌসুমে। দুই ইনিংসেই ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ড জিতল মাত্র তৃতীয়বার। আগের দুবার ১৯৩৫ ও ১৮৯০ সালে। সিরিজে অস্ট্রেলিয়ার ৯৩৯ রানের ২৯৫-ই এসেছে শেষ জুটিতে, শতাংশের হারে যা ৩১.৪১%! অবিশ্বাস্য হলেও সত্যি, এ বছর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যাটিং গড় শেষ জুটির ৪৫.১৮! অনেকটা পেছনে থেকে (৩৭.১৮) দুইয়ে উদ্বোধনী জুটি। প্রথম দুই টেস্টে শেষ জুটিতে অস্ট্রেলিয়ার ২৯৫ রান অ্যাশেজ রেকর্ডে এখনই উঠে এসেছে তিনে। ৩৫৫ রানের সিরিজ রেকর্ডটি তাই এখন যথেষ্টই হুমকিতে!