লর্ডসের দ্বিতীয় দিনটি বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের। সকালে শাহাদাতের ৫ উইকেট আর তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী ও ইমরুল কায়েসের ব্যাটের ওপর ভর করে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছে ৫৩ ওভারে ২ উইকেটে ১৭২ রান। ইংল্যান্ডের থেকে এখন বাংলাদেশ পিছিয়ে ৩৩৩ রানে। কাল শনিবার দুই অপরাজিত ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী ৫৩ ও জহুরুল ইসলাম ১৬ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।দুই ওপেনার তামিম ইকবাল ৬২ বলে ৫৫, ও ইমরুল কায়েস ৯৯ বলে ৪৩ রানে সাজঘরে ফিরেছেন। ইংল্যান্ডের ফিন একটি উইকেট নেন। আর তামিম ইকবাল পেটারসেনের ছোড়া বলে রান আউট হয়েছেন। এর আগে শাহাদাত হোসেনের ৫ উইকেটে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৫০৫ রানে। তবে জোনাথন ট্রট যদি ২২৬ রান না করতেন, তবে ইংল্যান্ডের রান হয়তো এত বেশি হতো না। কারণ, এরপর দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের ৮৩। এ ছাড়া স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান অর্ধশত করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ রান এই টেস্টে অভিষিক্ত মর্গানের ৪৪।এর আগে গতকাল লর্ডস টেস্টে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালিস্টার কুকের উইকেট তুলে নিয়ে উল্লাসে মেতেছিল বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় পেসার শাহাদাতের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভেলিয়নে ফেরেন কুক। কিন্তু এর পরের সময়টা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুব চমত্কারভাবেই সামলিয়ে নিয়েছেন নিজেদের। জোনাথন ট্রটের ডাবল সেঞ্চুরিতে এই ধাক্কা কাটিয়ে লর্ডস টেস্টে ৫০৫ রান তোলে ইংল্যান্ড। প্রথম দিন শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৩৬২ রান। বাকি ছয় উইকেট হারিয়ে ইংল্যান্ড আজ শুক্রবার তুলেছে আরও ১৪৩ রান। সাকিব দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ। বাংলাদেশের পক্ষে আজকের ম্যাচে অভিষিক্ত হয়েছেন পেসার রবিউল ইসলাম। তিনি লর্ডসে অভিষিক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার। এর আগে ২০০৫ সালে লর্ডসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দলের সহ-অধিনায়ক মুশফিকুর রহিমের।দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি ৪ জুন শুরু হবে ম্যানচেস্টারে। ওয়েবসাইট।