লর্ডসের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের তৃতীয় ওয়ানডের ভেন্যু ছিল লর্ডস। কাল ওয়ানডে ইতিহাসের ৩০৪৬ নম্বর ম্যাচটি খেলল পাকিস্তান-ইংল্যান্ড, অথচ শুধু ওয়ানডের হাফ সেঞ্চুরি হলো লর্ডসের! সবচেয়ে বেশি টেস্ট ম্যাচের সাক্ষী লর্ডস (১২১)। কিন্তু ‘হোম অব ক্রিকেটের’ চেয়ে বেশি ওয়ানডে হয়েছে আরও ১৪টি মাঠে। প্রত্যাশিতভাবেই সবার ওপরে শারজা। আবদুর রহমান বুখাতিরের প্রতিষ্ঠিত স্টেডিয়ামে আগে প্রতিবছরই দু-তিনটি টুর্নামেন্ট হতো। জুয়ার সবচেয়ে বড় কেন্দ্র বলে ২০০৩ সালের পর থেকে এখানে আর আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছিল না। তবে গত জানুয়ারিতে কানাডা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে শারজায়, এখন পর্যন্ত এই মাঠে হয়েছে ঠিক ২০০টি ওয়ানডে। ৬৫টি ম্যাচ কম নিয়ে দুইয়ে আছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। শতাধিক ওয়ানডে আর শুধু অস্ট্রেলিয়ারই আরেকটি মাঠে হয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (১৩০)।