
লিসবন থেকে ফিরেই ইকার ক্যাসিয়াস হয়তো চলে যাবেন মাদ্রিদের সিবেলিস স্কয়ারে। সাদা মূর্তিটার গলায় ঝুলিয়ে দেবেন রিয়াল মাদ্রিদের স্কার্ফ। চলবে রাতভর উৎসব। কত দিন যে থাকে উৎসবের রেশ কে জানে! লা ডেসিমা বলে কথা!
অন্যটাও হতে পারে। আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় সিবেলিস স্কয়ার হয়তো বিরানভূমি। ওদিকে ফুয়েন্তো দে নেপচুনে জলের দেবতার মূর্তির গলায় অ্যাটলেটিকো মাদ্রিদের স্কার্ফ পরাবেন অধিনায়ক গাবি। মাদ্রিদে তখন উৎসবের রং হবে লাল-সাদা।
উৎসবের রং লাল-সাদা হোক কিংবা শুধু সাদা, জয় মাদ্রিদেরই! লিসবনে আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি এ শহরের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকো।
শহর একই হলেও ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের পাল্লায় দুই দলের মধ্যে মেরু ব্যবধান। শুধু আভিজাত্যেই নয়, রিয়ালের ঐতিহ্যেও বনেদিয়ানা৷ স্পেন কিংবা ইউরোপে সাফল্যে তাদের সমকক্ষ কোনো দল নেই। তুলনায় অ্যাটলেটিকো নিতান্তই ফুটবলের নিম্ন-মধ্যবিত্ত। ভালোবেসে সমর্থকেরা যে নামে ডাকে (তোশকের কারিগর) সেটাই বলে তারা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। রিয়ালের মতো চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ইউরো খরচের সামর্থ্য নেই, ছিল না কখনোই। তারকায় ঠাসা দল গড়া তাদের কাছে স্বপ্নের মতো ব্যাপার। অথচ সেই অ্যাটলেটিকোই এবার স্বপ্নের চেয়েও বেশি ঘোর লাগানো একটা মৌসুম কাটাল। সাফল্যের আশায় মৌসুমের শুরুতে বার্সেলোনা নেইমারকে কিনেছে, রিয়াল বেলকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বানিয়েছে, আর ক্লাবের খরচ জোগাতে অ্যাটলেটিকো বিক্রি করেছে ফ্যালকাওয়ের মতো সেরা খেলোয়াড়টিকে। অথচ মৌসুম শেষে সেই বার্সেলোনা-রিয়ালের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে ১৮ বছর পর লা লিগার চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো, প্রথমবারের মতো ইউরোপ সেরা হতেও আর মাত্র একটা বাধা পেরোতে হবে তাদের। লা প্রিমেরার সামনে সেই বাধার নাম রিয়াল মাদ্রিদ।
এক যুগ আগে হ্যাম্পডেন পার্কে জিনেদিন জিদানের ভলিতে যখন নবমবারের মতো ইউরোপ সেরা হয়ে বার্নাব্যুতে ফিরেছিল রিয়াল, সুদূরতম কল্পনাতেও হয়তো ছিল না দশমের জন্য অপেক্ষাটা হবে এত দীর্ঘ। তারপর একটা করে মৌসুম গেছে আর অপেক্ষা বাড়তে বাড়তে রূপ নিয়েছে মোহে। সেই মোহ এমনই যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার চ্যাম্পিয়নস লিগ জেতার পরও রিয়ালে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তাতে আচ্ছন্ন হলেন। শুনুন রোনালদোর মুখেই, ‘এটা রিয়ালের অনেক দিনের চাওয়া। এ কারণেই যে কেউ রিয়ালে যোগ দেওয়ার প্রথম মিনিট থেকেই এই ট্রফিটার কথা ভাবতে শুরু করে। এই বছর আমরা সেই ট্রফি থেকে মাত্র এক পা দূরে। আশা করছি, এবার সেটা ধরা দেবে।’

দশম শিরোপার জন্য এবার রিয়ালের সবচেয়ে বড় ভরসাও তিনি। চোটের কারণে লা লিগায় মৌসুমের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি, কিন্তু লিসবনে আজ পর্তুগিজ যুবরাজ থাকছেন সংশয়াতীতভাবে। তবে চোটের কারণে শঙ্কা থাকছে স্ট্রাইকার করিম বেনজেমাকে নিয়ে। রোনালদো-বেলের দায়িত্ব তাই বেড়ে গেছে আরও। নিষেধাজ্ঞার কারণে জাবি আলোনসো নেই, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। মাঝমাঠে তাঁর বিকল্প হিসেবে হয়তো স্যামি খেদিরা কিংবা ইয়ারামেন্দিকে খেলানোর কথা ভাবছেন কোচ কার্লো আনচেলত্তি।
বিকল্প ভাবতে হচ্ছে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেকেও। সার্বিয়া থেকে চিকিৎসা নিয়ে ফিরলেও দলের সেরা স্ট্রাইকার ডিয়েগো কস্তা একাদশে থাকবেন কি না, এ নিয়ে সংশয় যথেষ্টই। শঙ্কা কাটেনি মিডফিল্ডার আরদা তুরানকে নিয়েও। শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন, তাহলে এ দুজনের জায়গা নেবেন ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজ ও মিডফিল্ডার রাউল গার্সিয়া।
লিসবনের লড়াইটার আমেজ থাকবে মাদ্রিদেও। শহরের আয়ুন্তামিয়েন্তোতে বড় পর্দায় খেলা দেখানোর কথা ভাবছিল স্থানীয় প্রশাসন। তবে নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্তটি পরে বাতিল করা হয়েছে। তবে সান্তিয়াগো বার্নাব্যু আর ভিসেন্তে ক্যালদেরন—দুই মাঠেই বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকছে সমর্থকদের। বড় পর্দায় দেখার সেই টিকিটও নাকি সব বিক্রি হয়ে গেছে মাত্র দেড় দিনেই!
এটি যে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল! এএফপি ও রয়টার্স৷
ফাইনালের আগে
কার্লো আনচেলত্তি
রিয়াল কোচ
লিগে ওরা আমাদের ভুগিয়েছে, তবে সেটা নিয়ে বেশি চিন্তা করতে চাই না। ওরা যেমন আমাদের চেনে, আমরাও ওদের চিনি।
ডিয়েগো সিমিওনে
অ্যাটলেটিকো কোচ
যে ছকেই খেলুক, রিয়াল ভয়ংকর দল। তবে সাফল্যে পেতে হলে কীভাবে খেলতে হবে, সেটা আমরাও জানি।
টুকিটাকি
এই প্রথম ফাইনালে খেলছে একই শহরের দুই ক্লাব।
ইউরোপে রিয়াল ও অ্যাটলেটিকোর সর্বশেষ দেখা ১৯৫৮-৫৯ মৌসুমে ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে। সেবার দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর প্লে-অফে ২-১ গোলে জেতে রিয়াল।
এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত অ্যাটলেটিকো, ১২ ম্যাচের একটিতে হেরেছে রিয়াল, ড্র করেছে একটি।
১৬ গোল করে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন রিয়ালের রোনালদো, অ্যাটলেটিকোর হয়ে সবচেয়ে বেশি গোল ডিয়েগো কস্তার (৮টি)
রিয়াল জিতলে বব পেইসলির পরে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা ইতিহাসের দ্বিতীয় কোচ হবেন কার্লো আনচেলত্তি। অ্যাটলেটিকোর ১১১ বছরের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগে জেতানো কোচ হওয়ার সুযোগ সিমিওনের সামনে।