লা ডেসিমার দুয়ারে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক

পাঁচ-পাঁচ-পাঁচ...আঙুল নাড়িয়ে, শরীর নাচিয়ে বুঝিয়ে দিচ্ছেন গোলসংখ্যা। বায়ার্নকে বিধ্বস্ত করে ফাইনালে ওঠার পথে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়েছেন রোনালদো । রয়টার্স
পাঁচ-পাঁচ-পাঁচ...আঙুল নাড়িয়ে, শরীর নাচিয়ে বুঝিয়ে দিচ্ছেন গোলসংখ্যা। বায়ার্নকে বিধ্বস্ত করে ফাইনালে ওঠার পথে সর্বোচ্চ গোলের ইতিহাস গড়েছেন রোনালদো । রয়টার্স

টি বিশ্বকাপ, দুটি ইউরো, তিনটি লা লিগা, দুটি কোপা ডেল রে আর দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা। ২৮ বছর বয়সেই ‘সিভি’তে ট্রফির তালিকাটা এত লম্বা হয়ে যাওয়ার পর আর কী চাওয়ার থাকতে পারে! অথচ সার্জিও রামোস নাকি তার পরও অতৃপ্ত! পরশুর ম্যাচের আগে চ্যাম্পিয়নস সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একটা ট্রফি কখনো পাইনি, আমি সেটার স্বপ্নেই আচ্ছন্ন।’
যে ট্রফি রামোস কখনো ছুঁয়ে দেখেননি সেটা এক যুগ ধরে অধরা তার দল রিয়াল মাদ্রিদের কাছেও। লা ডেসিমার সেই স্বপ্ন তাড়া করতে গিয়ে গত ১২ বছরে ১১ জন কোচ বদল করেছে রিয়াল, গত ৫ বছরে ৬০০ মিলিয়ন ইউরো খরচ করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। স্বপ্ন সত্যি করা তো দূরের কথা, শেষ বাধা পর্যন্তই পৌঁছানো যাচ্ছিল না। ফ্যাবিও ক্যাপেলো, বার্নড সুস্টাররা পারেননি, এমনকি ব্যর্থ হয়েছেন হোসে মরিনহোর মতো ‘স্পেশাল ওয়ান’ও।
অবশেষে কার্লো আনচেলত্তির হাত ধরে সেই স্বপ্ন ছোঁয়ার দ্বারপ্রান্তে রিয়াল। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাবটি।
যে ট্রফির স্বপ্ন আচ্ছন্ন করে রেখেছে সেটাকে হাতছোঁয়া দূরত্বে নিয়ে আসার প্রাথমিক কাজটাও করলেন সেই রামোসই। ১৬তম মিনিটে মডরিচের কর্নার থেকে আসা বলে হেডে বায়ার্নকে প্রথম ধাক্কা। চার মিনিট পর ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে একই রকম হেডে নিজের ও দলের দ্বিতীয় গোল। সমীকরণ তখন এমন—ফাইনালে যেতে চাইলে বায়ার্নকে করতে হবে চার গোল! পুরো মৌসুম বুন্দেসলিগা থেকে শুরু করে ইউরোপ কাঁপিয়েছে যে দলটা, ঘরের মাঠে ২০ মিনিটের মধ্যে তাদের এই দশা হবে, এ যেন অবিশ্বাস্য লাগছিল। টেলিভিশন ভাষ্যকারেরাও ম্যাচটাকে ‘শেষ’ বলে দিয়েছেন তখনই।
আসলেও শেষই ছিল। তবে একজনের ব্যক্তিগত হিসাব-নিকাশ যেন বাকি ছিল তখনো। ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৩ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে গ্যারেথ বেলের বাড়ানো বলে ব্যবধান বাড়ালেন তিনি। আর ৯০ মিনিটে রোনালদিনহোকে মনে করিয়ে দেওয়া দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে করলেন ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।
কী অদ্ভুত! দুই বছর আগে বায়ার্নের বিপক্ষে এমনই এক সেমিফাইনালে তাঁরা ছিলেন খলনায়ক। টাইব্রেকারে গড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রথম শটটা নিয়েছিলেন রোনালদো, শেষটা রামোস। গোল করতে পারেননি দুজনের কেউই। খেসারত দিয়ে আরও একবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল। পরশু মিউনিখে যেন সেদিনের মিসের প্রায়শ্চিত্ত করলেন দুজন।
নিজেদের মাঠে চার গোল হজম আর দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে হার নিশ্চিত করে দিল পরপর দুবার কোনো ক্লাবের চ্যাম্পিয়নস লিগ না জেতার রেকর্ডটা অক্ষুণ্ন থাকছে। নতুন একটা রেকর্ড গড়ল রিয়ালও। চ্যাম্পিয়নদের পরের মৌসুমে বিদায় করে দেওয়ার কাজটা এ নিয়ে আটবার করল রিয়াল, ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে

এই অভিজ্ঞতাটা তাদেরই সবচেয়ে বেশি।
শুধু একটাই আক্ষেপ নিয়ে মিউনিখ থেকে ফিরে গেল আনচেলত্তির দল। হলুদ কার্ড দেখায় ২৪ মে লিসবনের ফাইনালে খেলতে পারবেন না মাঝমাঠের প্রাণভোমরা জাবি আলোনসো।
এমন জয়ের বিনিময়ে অবশ্য এটুকু ত্যাগ স্বীকার করাই যায়! এএফপি, রয়টার্স।

টু কি টা কি
 ইউরোপীয় কোনো টুর্নামেন্টে এই প্রথম নিজের মাঠে ৪ গোলের ব্যবধানে হারল বায়ার্ন
 চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ দুটি শিরোপা জেতার পথেই বায়ার্নকে হারিয়েছিল রিয়াল
 সবচেয়ে বেশি, ৮ বার চ্যাম্পিয়নদের পরের মৌসুমে বিদায় করে দেওয়ার রেকর্ড গড়ল রিয়াল
 চ্যাম্পিয়নস লিগে কোচ হিসেবে বায়ার্নের বিপক্ষে সাত ম্যাচে কখনো হারেননি আনচেলত্তি
 চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার (১৩) ফাইনালে ওঠার রেকর্ড গড়ল রিয়াল