লা ব্লুজকে বিদায় অঁরির
বিশ্বকাপে গিয়েছিলেন দলের তরুণদের ‘বড় ভাই’ হয়ে থাকার স্বপ্ন নিয়ে। ফ্রান্সের কলঙ্কিত বিশ্বকাপ শেষ করে বললেন, দলে তিনি ছিলেন ‘একঘরে’। হলো না সেই অবস্থার পরিবর্তন। এর আগেই অনেকটা অনুমিতভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে দিলেন থিয়েরি অঁরি।বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের ‘মেজর সকার লিগ’ দল নিউইয়র্ক রেড বুলস-এর হয়ে খেলার জন্য সাড়ে চার বছরের একটা চুক্তিতে সই করেছেন এই ফরাসি স্ট্রাইকার। সেটিরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিদায় জানিয়ে দিলেন ‘লা ব্লুজ’কে, ‘১২৩ বার ফ্রান্সের জার্সি গায়ে পরেছি। প্রতিবার এই নীল জার্সি পরার সময় আবেগে আমার গলা ধরে এসেছে। কিন্তু কোথায় থামতে হবে, এটা তো জানা চাই।’তরুণদের জায়গা করে দিতে সরে গেলেন ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ৫১টি আন্তর্জাতিক গোল করা অঁরি। সেই ১৯৯৭ সালে ফ্রান্স দলের হয়ে অভিষেক। তখন ছিলেন ইতালির জুভেন্টাসে। দুই বছর পর যোগ দিলেন আর্সেনালে, সেখানে গিয়ে ক্রমেই হয়ে উঠেছেন আর্সেনালের কিংবদন্তি। গানারদের হয়ে ২৫৪ ম্যাচে ১৭৪ গোল—তাঁর পরিচয়ই হয়ে গিয়েছিল ‘আর্সেনালের অঁরি’। ২০০৭ পর্যন্ত, আর্সেনালে আট বছরের ক্যারিয়ারে দুটি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছেন। আর্সেনালের এই ঔজ্জ্বল্যটা ফ্রান্সের জার্সি গায়ে পুরোপুরি অনুবাদ করতে না পারলেও প্রায় এক যুগ ফ্রান্স দলের নিয়মিতই ছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পথে ৩ গোল করেছিলেন। ২০০০ ইউরো জয়ের অভিযানেও করেছিলেন ৩ গোল। ৩ গোল করেছিলেন ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পথেও।অঁরির নিজেকে হারানোর শুরুটা বার্সেলোনায়। ২০০৭ সালে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম দুটি মৌসুম মোটামুটি কাটলেও গত মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজেছেন। প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়লেন। কিছুদিনের মধ্যে জাতীয় দলেও তা-ই। বাছাইপর্বেও ছিলেন ফ্রান্সের অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর বিতর্কিত হ্যান্ডবলের উৎস থেকে আসা গোলই চূড়ান্ত পর্বে তুলেছিল ফ্রান্সকে। কিন্তু বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে খেলার সুযোগ পেয়েছেন এক ঘণ্টারও কম। বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে অবশ্য এর কোনো সম্পর্ক নেই বলেই জানালেন অঁরি, ‘বিশ্বকাপের আগেই এটা ঠিক করে ফেলেছিলাম। শুধু বিশ্বকাপের আগে কাউকে জানাতে চাইনি।’এখন আর ফেলে আসা আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবতেও চান না। পেলে-বেকেনবাওয়ার-বেকহামদের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলতে যাওয়া অঁরি বলছেন, ‘আমি সবাইকে নিশ্চিত করতে পারি, আমি এখানে জিততেই এসেছি। আমাকে বস (কোচ) যখন চাইবেন, তখনই পাওয়া যাবে। যখন তিনি চাইবেন, আমাকে অনুশীলন করাবেন। তিনি ছুটি দিলে ছুটি পাব।’কিন্তু আর্সেনাল-বার্সেলোনার আলোয় আলোকিত অঁরি কি বেসবল-বাস্কেটবলে আচ্ছন্ন মার্কিন মুলুকের ফুটবলে মন বসাতে পারবেন! এএফপি, ওয়েবসাইট।