লা ভোলপের অপেক্ষা
‘বিগ ফিল’ লুই ফেলিপ স্কলারি নেই। ‘ডাচ জাদুকর’ গাস হিডিঙ্কও থাকছেন না। মাঠের পাশে দাঁড়িয়ে একের পর এক সিগারেট ফুঁকে ধোঁয়ার কুণ্ডলী পাকানো রিকার্ডো লা ভোলপেকেও দেখা যাবে না। নাহ, বিশ্বকাপটা এবার পানসেই হবে মনে হচ্ছে!ফুটবল বিশ্বকাপে বরাবরই বর্ণময় চরিত্র হয়ে থাকেন কোচরা। কেউ সাইডলাইনে দাঁড়িয়ে তারস্বরে চিত্কার করেন। কাউকে দেখা যায় উসখুস করতে। কেউবা মার্সেলো লিপ্পির মতো দার্শনিক ভাব নিয়ে নিশ্চল দাঁড়িয়ে থাকেন গালে হাত দিয়ে। লিপ্পি-ডমেনেখদের মতো দার্শনিকেরা এবারও থাকবেন। স্পেনের ভিসেন্তে দেল বস্কও থাকছেন। হইচই ফেলে দেওয়ার জন্য ডিয়েগো ম্যারাডোনা তো একাই যথেষ্ট। তার পরও ২০১০ বিশ্বকাপ নিশ্চিতভাবেই শূন্যতা অনুভব করবে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ স্কলারি, হিডিঙ্ক আর লা ভোলপের অনুপস্থিতিতে।স্কলারি অবশ্য ভাষ্যকার হিসেবে আসতে চাইছেন। গত দুই বিশ্বকাপে যে দু দলের দায়িত্বে ছিলেন, সেই ব্রাজিল-পর্তুগাল এবার একই গ্রুপে পড়েছে। এই দুই দলের নাড়িনক্ষত্র বিশ্লেষণের জন্য স্কলারির চেয়ে বিজ্ঞ পাণ্ডিত্য আর কার আছে! ম্যারাডোনার উপদেষ্টা হিসেবে হিডিঙ্কের দক্ষিণ আফ্রিকা ভ্রমণের একটা সম্ভাবনাও উঁকি দিয়েছিল। রাশিয়ার দায়িত্ব শেষে তুরস্কের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা হিডিঙ্ক আসবেন কি না অনিশ্চিত। তবে লা ভোলপে জানাচ্ছেন, তিনিও আসতে চান। দেখতে চান, তাঁর মেক্সিকো এবার কেমন করে। দলকে কতদূর নিয়ে যেতে পারেন এখনকার কোচ হ্যাভিয়ের আগুইরে। আর্জেন্টাইন কোচ লা ভোলপের এই চাওয়ার পেছনে সূক্ষ্ম একটা স্বার্থ আছে। মেক্সিকোর দায়িত্ব নিতে চান আবার। আগুইরের ব্যর্থতাই তাঁর ‘আশা পূরণ’ করতে পারে। অবশ্য ওসাসুনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক কোচ আগুইরে আভাস দিয়েছেন, ২০১০ বিশ্বকাপের পর আর মেক্সিকোতে থাকার ইচ্ছে নেই তাঁর। আবারও ফিরতে চান ইউরোপের কোনো ক্লাবে। মেক্সিকো, তাঁর ভাষায়, মাদক ব্যবসায়ীদের কারণে দিনকে দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকো তাদের সেরা সময় কাটিয়েছে লা ভোলপের অধীনেই। ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই সাবেক গোলরক্ষক মেক্সিকোকে তুলে এনেছিলেন র্যাঙ্কিংয়ের চার নম্বরে। ২০০৬ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেও নিয়ে গিয়েছিলেন দলকে। সেখানে আর্জেন্টিনার কাছে ৯৮ মিনিটে গোল খেয়ে বিদায়।গত চারটি বিশ্বকাপেই মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে উঠেছে। এবার অবশ্য ১৬ দলে জায়গা পেতে কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, উরুগুয়ে ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ‘এবার দ্বিতীয় রাউন্ড পেরোতে না পারলে মেক্সিকান ফুটবলের জন্য সেটি হবে মৃদু আঘাত’—মন্তব্যটা লা ভোলপের।বিশ্বকাপ শেষ হলেই ইউরোপে উড়াল দেবেন—আগুইরের এই মন্তব্যও পছন্দ হয়নি তাঁর। এতে দলের খেলোয়াড়েরা মানসিকভাবে দুর্বল থাকবে বলে মনে করেন তিনি। এই অবস্থায় যদি মেক্সিকোর কোচ করা হয়, তিনি কি দায়িত্ব নেবেন? লা ভোলপে এক পায়ে খাড়া, ‘কালকেও যদি আমাকে বলা হয়, “তুমি কি মেক্সিকোর কোচ হবে?” আমি বলব, অবশ্যই। কারণ আমার সেই ক্ষমতা আছে। একমাত্র আমিই সবচেয়ে বেশি দিন মেক্সিকোর কোচ হিসেবে ছিলাম (চার বছর)। আমরা অলিম্পিকে গিয়েছিলাম, কনফেডারেশনস কাপে খেলেছি। আমার দায়িত্ব নেওয়ার পরই আট-নয়জন খেলোয়াড় ইউরোপে খেলতে গিয়েছিল।’বিশ্বকাপের চার মাস আগে মেক্সিকোর কোচ পাল্টানোর সম্ভাবনা মোটেও নেই। লা ভোলপেকে তাই অপেক্ষা করতেই হচ্ছে। ওয়েবসাইট।