লা লিগা এবার তিন ঘোড়ারই

ম্যাচ শেষে জার্সি বিনিময় করছিলেন লিওনেল মেসি-আরদা তুরান। কী যেন একটা বলে হেসে উঠলেন দুজনই। ৫৪ হাজার দর্শকে ঠাসা ভিসেন্তে ক্যালদেরন তখন ‘অ্যাটলেটি, অ্যাটলেটি’ স্লোগানে মুখর। বার্সেলোনার সমর্থকদেরও মন খারাপ নয়। পরশু বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটা শেষ হলো এমনই সম্প্রীতির উষ্ণতায়। দুই দলের কেউই যখন হারেনি, সম্প্রীতির বাতাবরণ থাকতেই পারে!
অথচ আগের মৌসুম হলেও অ্যাটলেটিকোর সঙ্গে বার্সা জয় না পেলে সেটা অঘটনই মনে করা হতো। কিন্তু ডিয়েগো সিমিওনের দল এবার শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছিল, লা লিগা এবার অন্তত দুই ঘোড়ার দৌড় হচ্ছে না। আর ভিসেন্তে ক্যালদেরনকে যেন অজেয় দুর্গ বানিয়ে ফেলেছেন সিমিওনে। নিজেদের মাঠে এই মৌসুমে সবগুলো ম্যাচই জিতেছে অ্যাটলেটিকো, হারিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো তাই ড্র করেও খুব একটা অখুশি নন, ‘জিততে পারলে ভালোই হতো। তবে ১ পয়েন্ট খারাপ নয়।’
ম্যাচ শুরুর আগেই অবশ্য বার্সা সমর্থকদের হূৎকম্প বাড়িয়ে দিয়েছিলেন জেরার্ডো মার্টিনো। অবিশ্বাসে চোখ কচলে সবাই দেখল, প্রথম একাদশে নেই মেসি-নেইমার। অথচ চোট কাটিয়ে আগের ম্যাচেই মেসি করেছেন জোড়া গোল। পরে অবশ্য দুজনকেই নামিয়েছেন বার্সা কোচ। কিন্তু তাতে অ্যাটলেটিকোর বজ্র আঁটুনির রক্ষণে ফাটল ধরানো যায়নি। কেন নামাননি সেটার ব্যাখ্যা অবশ্য ম্যাচ শেষে দিয়েছেন মার্টিনো, ‘তারা নামার জন্য তৈরি ছিল না। আমি দ্বিতীয়ার্ধের ১৫-২০ মিনিট পরই ওদের নামাতে চেয়েছিলাম, কিন্তু ইনিয়েস্তা চোট পাওয়ায় মেসিকে বিরতির পরই নামাতে হয়।’
অ্যাটলেটিকোর জমাট রক্ষণ নিজেদের কাজটা দারুণভাবে করে গেছে আগাগোড়াই। তবে এর মধ্যেও মেসি গোটা কয়েক সুযোগ ঠিকই পেয়েছিলেন। একবার মেসির করা হেড পোস্টের পাশ ঘেঁষে চলে যায়। পরে ৮১ মিনিটে বাঁ পায়ে নেওয়া শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক কোর্তোয়া। সুযোগ পেয়েছিল স্বাগতিকেরাও। ২৮ মিনিটে ডিয়েগো কস্তা একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি বলে। দ্বিতীয়ার্ধে বক্সের ঠিক বাইরে থেকে কস্তার নেওয়া শট চলে যায় পোস্টের পাশ দিয়ে।
শেষ পর্যন্ত তাই আলাদা করা যায়নি দুই দলকে। তবে অ্যাটলেটিকোর কোচ সিমিওনে কিন্তু ঠিকই আলাদা করতে পেরেছেন, ‘বার্সেলোনাকে আমি ভীষণ সম্মান করি। তবে আমাদের একটা ব্যবধান আছে। বেশি নয় ৪০ কোটি ইউরোর।’ যেন জানিয়ে দিলেন, টাকাই এখন আর ফুটবলে শেষ কথা নয়। দলীয় সংহতিই আসল। আর সেটা যে অ্যাটলেটিকোর আছে, তা নিয়ে তো কেউই তর্ক করবেন না! জাভি তো এমনি এমনি বলেননি, ‘আমরা খুবই গোছানো একটা দলের সঙ্গে খেলেছি। এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা তারা।’
তবে ড্রয়ে লাভ যদি কারও হয়, সেটা হয়েছে রিয়াল মাদ্রিদের। ৫০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন শীর্ষে, গোল ব্যবধানে দুইয়ে অ্যাটলেটিকো। তবে কাল এসপানিওলকে হারিয়ে থাকলে রিয়াল ব্যবধানটা কমিয়ে এনেছে ৩ পয়েন্টে। এএফপি, ওয়েবসাইট।