লা লিগায় ফিরছেন তোরেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নান্দো তোরেসে
ফার্নান্দো তোরেসে

২০১০ সাল থেকে ভ্যালেন্সিয়ার আক্রমণভাগের প্রধান খেলোয়াড় রবার্তো সোলদাদো। গত মৌসুমে ২৪টি গোল করে ছিলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে। কিন্তু এবারের মৌসুমে সোলদাদো পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব টোটেনহামে। আক্রমণভাগের এই শূন্যতা পূরণের জন্য এখন ফার্নান্দো তোরেসের দিকে হাত বাড়িয়েছে ভ্যালেন্সিয়া। বিষয়টি নিয়ে চেলসির সঙ্গে ইতিমধ্যে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা ‘সুপারদেপোর্তে’।
২০১১ সালের জানুয়ারিতে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তোরেসকে দলে ভিড়িয়েছিল চেলসি। কিন্তু এখন হয়তো ভ্যালেন্সিয়া তাঁর জন্য দিতে চাইবে ওই অঙ্কের অর্ধেকেরও কম। চেলসি এই পরিমাণ আর্থিক ক্ষতি মেনে নিয়ে তোরেসকে ছাড়তে রাজি হবে কি না, সেটা অবশ্য এখনো নিশ্চিত নয়।
তোরেস নিজেও আবার স্পেনে ফিরতে চাইবেন কি না, সেটাও একটা বড় প্রশ্ন। তবে চেলসি যেভাবে ওয়েইন রুনির পেছনে লেগেছে, তাতে অনেকেই ধারণা করছেন যে, হোসে মরিনহোর প্রথম একাদশে জায়গা মিলবে না তোরেসের। সেই বিবেচনায় ভ্যালেন্সিয়ার প্রস্তাবে হয়তো রাজিও হয়ে যেতে পারেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি গায়েই ২০০১ সালে পেশাদারি ফুটবলে অভিষেক হয়েছিল তোরেসের। ২০০৭ সালে পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। অ্যাটলেটিকো ছেড়ে যোগ দিয়েছিলেন লিভারপুলে। ২০১১ সালে নাম লিখিয়েছেন চেলসিতে। সূত্র: সকারনেট