লা লিগার দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ
এবারের মৌসুমের স্প্যানিশ লিগের বেশির ভাগ সময়ই পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ছিল রিয়াল মাদ্রিদ। তাদের পেছনে ফেলে দ্বিতীয় স্থানটা দখল করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হোসে মরিনহোর শিষ্যরা। আর ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে লা লিগার শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গতকাল রিয়াল মাদ্রিদের দুটি গোলই করেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।সেল্টা ভিগোর বিপক্ষে গতকাল ২-১ গোলের এই জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে কর্নার থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে পরমুহূর্তেই আবার খেলায় সমতা ফেরান সেল্টা ভিগোর স্ট্রাইকার ইয়াগো আসপাস। ৭২ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি রোনালদো করেন পেনাল্টি থেকে। লা লিগার এবারের মৌসুমে শিরোপা জয়টা প্রায় নিশ্চিতই হয়ে গেছে বার্সেলোনার। তবে এখনো ক্লাবের সম্মান রক্ষার্থে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেখানোর চেষ্টা করে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। গতকাল ২-১ গোলে জয়ের পর রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার পেপে বলেছেন, ‘লা লিগার শিরোপা জয়টা এখন খুবই কঠিন। কারণ, বার্সেলোনা অনেক পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। কিন্তু আমাদের ভালো খেলে যেতে হবে, এই জার্সির সম্মান রক্ষার জন্য।’— রয়টার্স