লা লিগার প্রথম হ্যাটট্রিক ফ্যালকাওয়ের
নিজেকে মেসি-রোনালদোর পর্যায়ের মনে করেন না বটে; তবে কদিন আগেই বলেছেন, মেসি-রোনালদোর মতো গোলের বন্যা বইয়ে দেওয়ার সামর্থ্য তাঁরও আছে। শুধু মুখের কথা নয়, মাঠেও এর প্রমাণ দিয়ে যাচ্ছেন রাদামেল ফ্যালকাও। পরশু অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কলম্বিয়ান স্ট্রাইকার। নতুন মৌসুমে লা লিগার প্রথম হ্যাটট্রিক।হ্যাটট্রিক করে দলকে ৪-০ গোলের বড় জয় এনে দিয়েই ফ্যালকাও দৃষ্টি ফিরিয়েছেন উয়েফা সুপার কাপের দিকে। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে ফ্যালকাওয়ের অ্যাটলেটিকো মাদ্রিদ আগামী শুক্রবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসির। ফ্যালকাও ঘোষণা করেছেন, চেলসির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। মুখে কিছু বলার দরকারও ছিল না। হ্যাটট্রিকই কথা বলছে তাঁর হয়ে।তার পরও ফ্যালকাও হুংকারটা ছুড়লেন হয়তো মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবেই। ইউরোপের অভিজাত ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ফেবারিট তকমাটা থাকবে চেলসির গায়েই। কিন্তু ফ্যালকাও বলছেন, শিরোপা জিততেই মোনাকোর স্টাডে লুইস স্টেডিয়ামে নামবেন তাঁরা, ‘পুরো দলটাই খোশ মেজাজে আছে। আমরা শুক্রবার সুপার কাপের শিরোপা জয়ের চেষ্টাই করব।’স্পেনে এসেছেন গত মৌসুমে। এরই মধ্যে অ্যাথলেটিক বিলবাওকে বানিয়ে ফেলেছেন ‘প্রিয়’ প্রতিপক্ষ। এ নিয়ে বিলবাওয়ের বিপক্ষে তিন ম্যাচেই তাঁর গোল সাতটি! গত ৯ মে ইউরোপা লিগের ফাইনালে এই বিলবাওকে হারিয়েই শিরোপা জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বুখারেস্টের সেই ম্যাচে দলের ৩-০ গোলের জয়ে ফ্যালকাও করেছিলেন জোড়া গোল।প্রথম ম্যাচে লেভান্তের সঙ্গে ১-১ গোলে ড্র করায় জয়ে ফেরার একটা তাড়না ছিল। ১৮ মিনিটেই দলকে এগিয়ে দেন ফ্যালকাও। ৪২ মিনিটে অ্যাক্রোব্যাটিক ভলিতে দ্বিতীয় যে গোলটা করেছেন, সেটা মনে করিয়ে দিয়েছে ১৯৭০-এর দশকে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে কিংবদন্তি ইয়োহান ক্রুইফের সেই প্রচেষ্টাকে। ৫৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেনাল্টি থেকে। ৮৪ মিনিটে দলের চতুর্থ গোলটি আবার করেছেন তাঁরই বদলি হিসেবে নামা পর্তুগিজ মিডফিল্ডার টিয়াগো মেন্ডেস। এএফপি, রয়টার্স।