লা লিগার মুকুট রিয়ালের
অবশেষে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল বুধবার অ্যাটলেটিকো বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল তারা। দুই ম্যাচে হাতে রেখেই হোসে মরিনহোর শিষ্যরা পেয়ে গেল ৩২তম শিরোপার স্বাদ।ম্যাচের শুরুতেই অবশ্য পেনাল্টি মিস করে সমর্থকদের থমকে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রিয়ালের প্রাণ রোনালদো নিজেকে ফিরে পেয়ে ম্যাচের বাকি সময়টা দারুণ খেলেন। নিজে একটি গোল করেন। আরেকটি গোলেরও উেস ছিলেন তিনি।রিয়াল প্রথম গোল পায় ম্যাচের ১৬ মিনিটে। গঞ্জালো হিগুয়েইন দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে রিয়ালকে ২-০ গোলে এগিয়ে নেন মেসুত ওজিল। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের সময় মেসুত ওজিলের কর্নার থেকে সুন্দর হেডে লা লিগার এই মৌসুমে নিজের ৪৪তম গোলটি করেন রোনালদো।এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান রইল ৭। কাল দিনের অপর ম্যাচে বার্সেলোনা অবশ্য ৪-১ গোলে হারিয়েছে মালাগাকে। তবে কাতালানদের জয় রিয়ালের জয়োত্সবে কোনো ‘উনিশ-বিশ’ সৃষ্টি করতে পারেনি।এ শিরোপা কেবল রিয়ালের ৩২তম লা লিগা জয়ই নয়। কোচ হোসে মরিনহোর জন্যও অন্য রকম এক উপলক্ষ। রিয়ালকে শিরোপা জিতিয়ে তিনি বিশ্বের শীর্ষ তিন লিগেই সাফল্যের ভাগীদার হলেন। এর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ইতালীয় সিরি আতে ইন্টার মিলানের হয়ে শিরোপা জিতেছিলেন।গতকাল অ্যাটলেটিকো বিলবাওয়ের খেলায় মনোযোগের কোনো ছাপ পাওয়া যায়নি। খুব সম্ভবত তাদের গোটা মনোযোগই এ মুহূর্তে ইউরোপা লিগ ও কোপা ডেল রেতে কেন্দ্রীভূত। তবে জাভি মার্টিনেজের লালকার্ড পেয়ে মাঠ ছাড়ার ব্যাপারে নিজেদের দুর্ভাগা দাবি করতেই পারে বিলবাও। মার্টিনেজকে লাল কার্ডটি না দিলেও পারতেন রেফারি।মালাগার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। সবকিছুই রিয়ালের তেতে ওঠার জন্য যথেষ্ট ছিল। মেসির হ্যাটট্রিককে জবাব দিতেই কি না রোনালদোও শুরু করলেন তেড়ে-ফুঁড়েই। শুরুর দিকেই বক্সের মধ্যে মার্টিনেজের হাতে বল লাগায় পেনাল্টি পেয়ে গেল রিয়াল। পেনাল্টি নিতে এলেন রোনালদো। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সেমিতে মিস করা পেনাল্টির জুজু যেন কিছুতেই তাড়াতে পারছেন না রোনালদো। বিলবাওয়ের বিপক্ষে কাল নেওয়া পেনাল্টিটি ছিল আক্ষরিক অর্থেই ভয়ংকর। রোনালদোর পেনাল্টি দেখে মনে হয়েছে গোলেই শট নিতে জানেন না তিনি। অথচ এই খেলোয়াড়ই এই মৌসুমে ৪৪ গোল করে রিয়ালের শিরোপা জয়ে রেখেছেন অনন্য অবদান। রোনালদোর নেওয়া পেনাল্টিটি বিলবাও গোলরক্ষক গোরকা ইরাইজজের পায়ে লাগে বারের ওপর দিয়ে চলে যায়।কালই অনেক দিন পর করিম বেনজেমার পরিবর্তে একাদশে ঠাঁই করে নিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। মাঠে নেমেই মরিনহোর প্রতি কৃতজ্ঞতা জানালের গোল করে। ওজিলের একটি পাস বাঁ-পায়ে ধরে, পা পরিবর্তন করে ডি বক্সের একেবারে মাথা থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন হিগুয়েইন। এর চার মিনিট পরেই মেসুত ওজিল গোল করেন রোনালদোর পাস থেকে। ডান দিক দিয়ে গোলমুখে ফেলা রোনালদোর একটি নিচু ক্রসকে স্লাইড করে গোলে পরিণত করেন জার্মান জাতীয় দলের এই তারকা। ম্যাচের ৫০ মিনিটের সময় ওজিলের কর্নার থেকে নিজের ৪৪তম গোলটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলার একেবারে শেষের দিকে আরও একটি গোলের সহজ সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু বিলবাও গোলরক্ষককে একা পেয়েও তিনি তা বাইরে মারেন। তবে তাঁর গোল মিসের হতাশা স্থায়ী হয়নি বেশিক্ষণ। এর পরপরই আনন্দ-উল্লাসে মেতে ওঠে গোটা মাদ্রিদ। রয়টার্স।