লা লিগায় শেষের চমকের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো। পা হড়কানো মানেই শিরোপা সম্ভাবনা প্রায় শেষ। রিয়াল মাদ্রিদকেই সতর্ক থাকতে হচ্ছে বেশি। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের চেয়ে এগিয়ে তিন পয়েন্টে, বার্সেলোনা এগিয়ে দুই পয়েন্টে। লিগ শিরোপা ফিরে পেতে হলে নিজেদের ম্যাচগুলো জিততেই হবে।আজ নিজেদের মাঠে অ্যাটলেটিকো খেলবে ভিয়া রিয়ালের সঙ্গে। রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে হারিয়ে অবশ্য ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো বিশ্বাস করেন, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা এখনো ভালোই আছে, ‘আমাদের লড়ে যেতে হবে। কারণ শেষটায় চমক দেখা যেতেই পারে।’
রিয়াল বেটিসের সঙ্গে ম্যাচেও আজ বার্সেলোনা জয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। কিন্তু কাতালান ক্লাবটি দলবদল-নিষেধাজ্ঞা নিয়ে বিপাকে পড়েছে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ১০ জন অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে আনতে নিয়মভঙ্গ করার দায়ে আগামী ১৪ মাসে খেলোয়াড় কেনা-বেচায় বার্সার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।
চ্যাম্পিয়নরা অবশ্য এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রথমে ফিফার কাছে আপিল করবে, তাতে কাজ না হলে কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টসে যাবে বলে জানিয়ে দিয়েছে। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমোউ-এর পেছনে খুঁজে পাচ্ছেন অন্য কিছুর গন্ধ, ‘আমরা অবিচারের শিকার। আমরা প্রমাণ বা ইঙ্গিত পেয়েছি, কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।’ সেই সঙ্গে জানিয়েছেন, ‘আমরা পরের মৌসুম নিয়ে উদ্বিগ্ন নই। যেভাবে পরিকল্পনা করছি, সেভাবেই সবকিছু হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আপিল করব।’ এএফপি।