লা লিগায় ‘চ্যাম্পিয়নস লিগ’
স্প্যানিশ লিগে হুট করে বেয়াড়া খ্যাপা ষাঁড়ের মতো বেড়া ভেঙে ঢুকে পড়েছে চ্যাম্পিয়নস লিগ। এবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটের তিনটি দলই স্পেনের। একের বেশি আর দল আছে কেবল জার্মানির—বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। স্পেনের সেই তিন দলই মাঠে নামছে আজ। ‘ফিফা ভাইরাস’-এর পাশাপাশি তিন দলের জন্য যুক্ত হয়েছে ‘চ্যাম্পিয়নস লিগ’ ভাবনা। স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে মাঠে নামছে বলে তিন দলের ভাবনাতেই আজকের চেয়ে বেশি করে পরের ম্যাচটিই।এদিক দিয়ে রিয়াল মাদ্রিদ ও মালাগা বড় বাঁচা বেঁচে গেছে। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তাদের নেই। ফলে শিরোপা-দৌড়ে থাকার তাগিদও নেই। রিয়াল-মালাগা চাইলেই পুরো মনোযোগ আর শক্তি চ্যাম্পিয়নস লিগে বিনিয়োগ করতে পারে। বার্সার জন্য সেই সুবিধাটা নেই। তাদের একটা চোখ লিগে রাখতেই হচ্ছে। মঙ্গলবারের ম্যাচের জন্য আজ যে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হবে, সেই বিলাসিতার সুযোগ সামান্যই। আজ আবার বার্সার প্রতিপক্ষ সেল্টা ভিগো।লিগের সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে সেল্টা। হেরেছে সাতটিতেই। এমন প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তার একটাই কারণ, নিজেদের মাঠে সেল্টা মাঝেমধ্যেই ভয়ংকর হয়ে ওঠে। এমনকি রিয়ালকেও হারানোর বীরত্ব আছে তাদের। সেটা অবশ্য লিগে নয়, কোপা ডেল রেতে। কিন্তু অঘটনের স্বাদ তো পেয়েছে!মালাগাকেও অবশ্য লিগটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে। স্বল্প বাজেট, মাঝারি মানের দল ও বেতনসংকট নিয়েও এই দলটিকে এত দূর নিয়ে এসেছেন হোসে ম্যানুয়েল পেলেগ্রিনি। কিন্তু পরেরবারের চ্যাম্পিয়নস লিগে যাওয়াটা শঙ্কায় পড়ে গেছে। ৪৪ পয়েন্ট নিয়ে লিগে ছয়ে মালাগা। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলতে হলেও কমপক্ষে চারে থেকে শেষ করতে হবে। আশার কথা, সেই জায়গাটি মালাগার জন্য মাত্র ৩ পয়েন্ট দূরে। ৪৭ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদাদ। ৪৫ পয়েন্ট নিয়ে এর পরেই ভ্যালেন্সিয়া। লিগের প্রথম তিনটি জায়গা একরকম নির্ধারিত। ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বর জায়গায়টি পুনরুদ্ধার করেছে অনেক দিন অ্যাটলেটিকোর পিছু ছোটা রিয়াল। অ্যাটলেটিকোর পয়েন্ট অবশ্য রিয়াল থেকে মাত্র এক কম। তবে চার নম্বর থেকে মাদ্রিদের দুই প্রধান দলই নিরাপদ জায়গায় এগিয়ে (রিয়াল ১৪ পয়েন্টে, অ্যাটলেটিকো ১৩)। হোসে মরিনহো তাই চাইলে আজ মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখতেই পারেন। তবে সমস্যা ওই ‘ফিফা ভাইরাস’। বাছাইপর্বের ম্যাচ খেলতে দলের সবাই চলে গিয়েছিল জাতীয় দলে। ছন্দ ফিরিয়ে আনতে এখন আজকের ম্যাচটিই ভরসা।এর মধ্যে জাবি আলোনসোর কথায় বোঝা যাচ্ছে রিয়াল এবার কেমন চাপে, ‘সমর্থকেরা এবার আমাকে একটা কথাই বারবার বলেছে, ১০ নম্বরটা তারা চায়-ই চায়।’ এএফপি, রয়টার্স। ১০ নম্বর হলো রিয়ালের আক্ষেপ। চ্যাম্পিয়নস লিগে নয় নম্বর শিরোপাটা যে সেই এক দশক আগে জেতা!