লাই-ডিটেক্টরকে ফিকার ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটার থেকে হয়ে উঠেছিলেন ক্রিকেট-ব্যক্তিত্ব। স্টিভ ওয়াহর ভাবমূর্তিটা এমন, তাঁর কোনো কথায় ভিন্নমত পোষণ করার লোক মনে হয় না খুব একটা পাওয়া যাবে। তবে ক্রিকেটের দুর্নীতি প্রতিরোধে লাই-ডিটেক্টরের কার্যকারিতায় খুব একটা সমর্থন পেলেন না সিনিয়র ওয়াহ। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকা তো সরাসরিই এর বিরোধিতা করেছে। প্রয়োজনে যতটা সম্ভব জোরালোভাবে এর প্রতিবাদ করবে বলে জানিয়েছে সংগঠনটি।নিজে লাই-ডিটেক্টরে পরীক্ষা দিয়ে এটি দুর্নীতি প্রতিরোধে কার্যকর হবে বলে অভিমত দিয়েছিলেন এমসিসির ক্রিকেট কমিটির সদস্য ও সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ ওয়াহ। গত মঙ্গলবার এমসিসির ক্রিকেট কমিটির সভায় দেওয়া এই প্রস্তাবের বিরোধিতা করে ফিকার প্রধান নির্বাহী টিম মে কাল এক বিবৃতিতে বলেছেন, ‘দুর্নীতির অভিযোগে কোনো খেলোয়াড়কে দোষী বা নির্দোষ প্রমাণ করার জন্য লাই-ডিটেক্টর ব্যবহারের বিপক্ষে ফিকার অবস্থান জোরালো। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা এমসিসি ও স্টিভ ওয়াহর প্রশংসা করি। কিন্তু লাই-ডিটেক্টর এখনো একদম নির্ভুল প্রমাণিত হওয়ার ধারেকাছেও নেই এবং সব ক্রিকেট খেলুড়ে দেশের যদি না-ও হয়, বেশির ভাগ দেশের আদালতেই লাই-ডিটেক্টর কাউকে দোষী প্রমাণের জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। নির্ভুল বলে প্রমাণিত না হওয়া কোনো পদ্ধতিতে যেতে ক্রিকেটারদের চাপ দেওয়া তাই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ফিকার অবস্থানের পক্ষে যুক্তিও দেখিয়েছেন মে, ‘খেলোয়াড়দের জন্য অবস্থাটা কিছুই না পাওয়ার মতো। নির্ভুল প্রমাণিত নয়, এমন কিছুতে পরীক্ষা দেওয়া তাদের উচিত নয়। কিন্তু দুর্নীতির ব্যাপারে সন্দেহভাজন নয়, এমন খেলোয়াড়েরাও যদি লাই-ডিটেক্টরের মুখোমুখি না হতে চায়, তাহলে মনে হতে পারে তারা কিছু লুকানোর চেষ্টা করছে।’ এএফপি।স্টিভ ওয়াহ অবশ্য গুরুত্বপূর্ণ একজন সমর্থক পেয়েছেন। ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, লাই-ডিটেক্টরের মুখোমুখি হতে কোনো সমস্যা নেই তাঁর।