১০ বছর আগে এই মাঠেই অভিষেক এমনই এক মৌসুম শুরুর টেস্টে। অভিষেক ইনিংসে ৫ উইকেট নিয়ে শুরু হয়েছিল যে স্বপ্নযাত্রা, কাল তা ছুঁল একটি সীমানা। ৩০০ উইকেট হয়ে গেল জেমস অ্যান্ডারসনের, তাঁর আগে যে মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন ইংলিশ বোলার।মার্চে নিউজিল্যান্ড সফর থেকে ফিরছিলেন ২৯৮ উইকেট নিয়ে। কাল ইনিংসের প্রথম ওভারেই ২৯৯ হয়ে গেল হামিশ রাদারফোর্ডকে ফিরিয়ে। নিজের চতুর্থ ওভারে পিটার ফুলটনকে ফিরিয়ে ৩০০, স্লিপে ক্যাচ নিলেন গ্রায়েম সোয়ান। তবে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে দ্রুত ফিরিয়েও ম্যাচের লাগামটা ঠিক নিতে পারেনি ইংল্যান্ড রস টেলরের কারণে। এই সিরিজটাকে নিয়েছেন তিনি চ্যালেঞ্জ হিসেবে, দারুণ কিছু করার চ্যালেঞ্জ। সেই মিশনের শুরুটা করলেন দুর্দান্ত। ৭ রানে ২ উইকেট হারানোর পর নেমে পাল্টা আক্রমণে ১৩ চারে ৭২ বলে ৬৬ করে টেলরও অ্যান্ডারসনের শিকার। আরেক পাশে মাটি কামড়ে লড়াই করে যাওয়া কেন উইলিয়ামসনের (৪৪*) সুবাদে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৫৩ রান। ইংল্যান্ডের ২৩২ রান থেকে আর ৭৯ রানে পিছিয়ে। হাতে রয়েছে ৬টি উইকেট।সকালে মেঘলা আকাশের নিচে চকচকে নতুন বলে শুরু করেছিল কিউইরা। প্রথম ঘণ্টাটা তবু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন দুই তরুণ জো রুট ও জনি বেয়ারস্টো। প্রথম পানি বিরতির পর আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ল ইংলিশ প্রতিরোধ। টিম সাউদি টানা দুই বলে ফেরালেন রুট ও ম্যাট প্রায়রকে। আগের ইনিংসেই যাঁর সাড়ে চার ঘণ্টার লড়াই সিরিজ জয় থেকে বঞ্চিত করেছিল নিউজিল্যান্ডকে, সেই প্রায়র এবার আউট প্রথম বলেই! আরেক পাশে ওয়াগনার তুলে নিলেন স্টুয়ার্ট ব্রড ও সোয়ানকে। ফিন-অ্যান্ডারসনদের নিয়ে বেয়ারস্টো চেষ্টা করেছেন লড়াইয়ের। সাউদির দুর্দান্ত এক ফিরতি ক্যাচে শেষ হয়েছে বেয়ারস্টোর প্রতিরোধ। প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই ৩০ পেরোলেও কেউ ছুঁতে পারেননি ফিফটি। চারটি জুটি ৪০ পেরোলেও দেখেনি ফিফটি জুটির মুখ। ইংল্যান্ড ইনিংশ শেষ তাই আড়াই শর নিচেই। ওয়েবসাইট।