লাগাম কেড়ে নিল অসিরা
ব্রিজটাউন টেস্টের পঞ্চম দিনটিতে অপেক্ষা করছে ‘যেকোনো কিছু’র পসরা সাজিয়ে। মাত্র ৫ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানে এগিয়ে থাকাকে মোটেও নিরাপদ মনে হচ্ছে না। অস্ট্রেলীয়দের লড়াকু বোলিং যদি খুব দ্রুতই ক্যারিবীয়দের বাকি ৫ উইকেট খেয়ে দিতে পারে, তাহলে ব্রিজটাউন টেস্টের শেষটা রোমাঞ্চকরই হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার মাসুলই কি দিতে যাচ্ছে? নিয়মিত বিরতিতে উইকেটের পতন তো আছেই, সেই সঙ্গে আছে রান তোলার শম্বুকগতি। পঞ্চম দিনের সকালটা তাই ক্যারিবীয় ‘টেইলে’র জন্য চ্যালেঞ্জ হিসেবেই হাজির হয়েছে। লক্ষ্য তাদের একটাই—ভালো ব্যাটিং করে লিডটাকে কোনোভাবে ২০০-এর ওপরে নিয়ে যাওয়া। তাহলেই নিরাপদ বোধ হতে পারে তাদের।এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহের চেয়ে ৪৩ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের রান ছাপিয়ে না যেয়ে, হাতে উইকেট রেখেও প্রতিপক্ষকে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ করে দিয়ে ইনিংস ঘোষণাও এক নতুন ব্যাপারই। খুব সচরাচর ব্যাপারটি দেখা যায় না। কাল ব্রিজটাউনে সেটাই করে উদাহরণ সৃষ্টি করল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান এসেছে অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রায়ান হ্যারিসের। এই টেইল এন্ডারের অনবদ্য ৬৮ রানের কল্যাণেই বিপর্যয় সামাল দেয় অস্ট্রেলিয়া। লিওন ও হিলফেনহসের অবদান ভুলে গেলেও চলবে না। এই দুজনের যথাক্রমে ৪০ ও ২৪ রান ৪০০ পার করতে সহায়তা করে অসিদের।৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমেই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবীয়রা। মাত্র ১৭ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে শুরু করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ব্রাভো, চন্দরপল ও দিননারাইন সেই বিপর্যয় সামাল দেন। অসি বোলার হিলফেনহসের ৩ উইকেট ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে কেড়ে নিয়েছে ব্রিজটাউন টেস্টের লাগাম। জমিয়ে দিয়েছে একটি ম্যাড়মেড়ে টেস্টের শেষদিনের লড়াই। রয়টার্স।সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):ওয়েস্ট ইন্ডিজ ৪৪৯/৯, ডিক্লে. (১৫৩ ওভার)চন্দরপল ১০৩, ব্রাফেট ৫৭, এডওয়ার্ডস ৬১হ্যারিস ২/৮৩, ওয়ার্নার ২/৪৫অস্ট্রেলিয়া ৪০৬/৯ ডিক্লে. (১৪৫ ওভার)ক্লার্ক ৭৩, রায়ান হ্যারিস ৬৮, মাইক হাসি ৪৭, লিওন ৪০ড্যারেন স্যামি ২/৬৫, রোচ ২/৭২, এডওয়ার্ডস ২/৯২ওয়েস্ট ইন্ডিজ ৭১/৫ (৩৮ ওভার)ব্রাভো ৩২, হিলফেনহস ৩/১৭ (ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ১১৪ রানে, হাতে রয়েছে ৫ উইকেট)