বৃষ্টি খেয়ে নিয়েছে দিনের প্রায় এক-তৃতীয়াংশ। নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটায় নেই বলার মতো ব্যক্তিগত কোনো পারফরম্যান্সও। ওয়েলিংটনের দর্শকেরা কাল নিস্তরঙ্গ এক দিনের সাক্ষী হলেও বাড়ি ফিরেছেন খুশি মনেই। ম্যাচের নিয়ন্ত্রণ যে নিউজিল্যান্ডের হাতেই। প্রতিপক্ষ দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান তুলে। ফেরানো গেছে আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান ড্যারেন ব্রাভো ও অভিজ্ঞ শিবনারায়ণ চন্দরপলকে। দল এগিয়ে আছে ২৮৩ রানে। কিউইরা খুশি তো হবেই।
সকালে বৃষ্টির কারণে সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল দিনের খেলা। আগের দিনের ৬ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড থামে আরও ১৩৪ রান যোগ করার পর। আগের দিন রস টেলরের ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয়েছে, ক্যারিবীয়রা ফিল্ডিংয়ে ভুগেছে কালও। তবে ক্যাচ ছেড়ে নয়, টিনো বেস্ট ক্যাচ ধরেও বিপদে ফেলেছেন দলকে। নিউজিল্যান্ডের ১১ নম্বর ব্যাটসম্যান ট্রেন্ট বোল্টের ক্যাচটা সীমানার ভেতরে রাখতে পারেননি বেস্ট, দড়িটা ঠিক কোথায় বুঝতে না পেরে উল্টো বানিয়ে দেন ছয়। ধারাভাষ্যকার ইয়ান বিশপ যেটাকে বললেন ‘হাস্যকর’। বোল্ট আউট হলে নিউজিল্যান্ড থেমে যেত ৩৮৬ রানেই। উল্টো যোগ হয়েছে আরও ৫৫ রান। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১১ নম্বরে নেমে অপরাজিত ৫২ রান করা বোল্ট কাল করেছেন অপরাজিত ৩৮। ৫৮ রানের শেষ জুটিতে বোল্টের সঙ্গী বিজে ওয়াটলিং আউট হয়েছেন ৬৫ রানে। দশম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি এটাই।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যেটুকু প্রতিরোধ তার সবটাই করেছেন কার্ক এডওয়ার্ডস ও মারলন স্যামুয়েলস। ওপেনার এডওয়ার্ডস ৫৫ রানে আউট হলেও স্যামুয়েলস অপরাজিত ছিলেন ফিফটি পুরো করে। এএফপি, ক্রিকইনফো।