১ উইকেটে ২৫০। অকল্যান্ড টেস্টের প্রথম দিনের নিয়ন্ত্রণটা পুরোপুরিই ছিল নিউজিল্যান্ডের হাতে। প্রথম দিনের সঙ্গে সংগতি রেখে ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে, ১৯৩ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ফেলে তারা কাল। তার পরও ৪৪৩ রানের পাহাড়ই গড়েছে স্বাগতিকেরা। দিনের শেষে ৫০ রানেই ইংল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগামটা শক্ত হাতেই ধরে রেখেছে নিউজিল্যান্ড। ফলোঅন এড়াতেই এখনো ১৯৪ রান দরকার ইংল্যান্ডের। চোটের কারণে কেভিন পিটারসেন নেই, আউট হয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রটও। অনভিজ্ঞ এক ব্যাটিং লাইনআপ নিয়েই লড়তে হবে ইংলিশদের। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিই ড্র হয়েছে। এ ম্যাচ জিতে সিরিজ জয় করতে হলে ইংল্যান্ডকে নতুন করে লিখতে হবে রেকর্ড। ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর প্রতিপক্ষ করেছে ৪০০ রানের বেশি। এমন ম্যাচে মাত্র একবারই জিতেছে ইংল্যান্ড (৪০৯, নিউজিল্যান্ড, হেডিংলি, ২০০৪)। পিটার ফুলটন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যান আগের দিনই। কিন্তু ৮৩ রান নিয়ে দিন শুরু করা উইলিয়ামসন কাল আর সেঞ্চুরিটা পাননি। ৯১ রানেই তাঁকে ফিরিয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। মন্টি পানেসার ফেরান রস টেলরকে, ফুলটনের উইকেটটি নেন ৬ উইকেট পাওয়া স্টিভেন ফিন। সকালে ৬৯ বলে মাত্র ১২ রান করা ফুলটনকে ফেরাতে ফিনের চেয়ে বড় ভূমিকা ছিল অবশ্য উইকেটকিপার ম্যাট প্রায়রের। লেগ সাইডে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নেন প্রায়র। ফুলটনের ক্যাচটিসহ প্রায়রের ডিসমিসাল এই ইনিংসে পাঁচটি। ডিআরএস নিয়ে এক দফা বেঁচে যাওয়া কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম পঞ্চম উইকেটে ডিন ব্রাউনলিকে নিয়ে যোগ করেন ৬৮ রান। তবে নিউজিল্যান্ড চার শ পেরোয় আসলে টিম সাউদির ঝোড়ো ব্যাটিংয়ে। শেষ দুই বলে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড তাদের শেষ ৪ উইকেট হারায় ১৯ রানে। এই ৪ উইকেটই নিয়েছেন ফিন, ২০১০ ব্রিসবেন টেস্টের পর এই প্রথম ৫ উইকেট পেলেন ইংলিশ পেসার। ওয়েবসাইট।