লাগাম পাকিস্তানের হাতেই

ইউনুস খান ও মিসবাহ-উল-হকের সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩০১। রানের সৌধ গড়া যেখানে অনুমিত, সেখানে থেকে পাকিস্তান গুটিয়ে গেল ৩৮৩ রানে! অর্থাত্ শেষ ৮২ রানে পড়েছে ৭ উইকেট।
পাকিস্তানের সামনে সুযোগ ছিল রানের পাহাড়ে শ্রীলঙ্কাকে চাপা দেওয়ার। ৭ উইকেট হাতে রেখেই যে প্রায় শ খানেক রানের লিড পেয়ে গিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আজ লঙ্কান বোলাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালে পাকিস্তানের লিড আটকে যায় ১৭৯ রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করলেও আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শেষটা অস্বস্তি নিয়েই শেষ করেছে শ্রীলঙ্কা। ১৮৪ রানে ৪ উইকেট নেই তাদের। লিড ৭ রানের, উইকেট ৬টি।
৪৭ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে কুশল সিলভার সঙ্গে কুমার সাঙ্গাকারার দারুণ একটা জুটি ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তানকে। ১ উইকেটে ১৪৬ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু পরের ৪০ রান তুলতেই লঙ্কানরা হারিয়ে ফেলে সাঙ্গাকারা (৫৫), জয়াবর্ধনে (০) ও সিলভাকে (৮১)। দিনের শেষ বলে জুনাইদ খানের দ্বিতীয় শিকার হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১৯ রান দূরে থাকতেই ফেরেন সিলভা। দুই লঙ্কান স্তম্ভকে ফিরিয়েছেন বিলওয়াল ভাট্টি।
গতদিনের ৪ উইকেটে ৩২৭ রানে খেলতে নেমে আজ পাকিস্তানের উইকেট পড়েছে মুড়িমুড়কির মতো। আজ মাত্র ১০ ওভার ১ বল টিকেছে পাকিস্তান।
পাকিস্তানের মেরুদণ্ড ভেঙেছেন ইরাঙ্গা আর হেরাথ। দুজনে মিলে নিয়েছেন ছয় উইকেট। সতীর্থরা একে একে ফিরে গেলেও উইকেট আঁকড়ে ছিলেন মিসবাহ-উল-হক। শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে পাকিস্তান অধিনায়ক করেছেন ১৩৫।
বোলারদের পর ব্যাটসম্যানদেরও পাল্টা জবাব—ম্যাচ ভালোমতোই ফিরে এসেছিল শ্রীলঙ্কা। কিন্তু ৪ উইকেট তুলে নিয়ে আবার তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে পাকিস্তান।