লাগাম প্রোটিয়াদের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডুমিনি ও ডি ভিলিয়ার্স: সেঞ্চুরি করেছেন দুজনই ।  ওয়েবসাইট
ডুমিনি ও ডি ভিলিয়ার্স: সেঞ্চুরি করেছেন দুজনই । ওয়েবসাইট

আগের ছয় টেস্টের কোনো ইনিংসেই প্রতিপক্ষকে ১০৩ ওভারের বেশি বল করতে হয়নি। টানা দেড় দিনেরও বেশি ফিল্ডিং করতে কেমন লাগে সেটাই যেন ভুলতে বসেছিল মাইকেল ক্লার্কের দল। অবশেষে পোর্ট এলিজাবেথে সেটা ওদের মনে করিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আরও নির্দিষ্ট করে বললে মনে করিয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স আর জেপি ডুমিনি।
এই দুজনের জোড়া সেঞ্চুরির পর দ্বিতীয় দিন চা-বিরতি পেরিয়ে দক্ষিণ আফ্রিকা যখন অলআউট হয়, স্কোর বোর্ডে জমা হয়েছে ৪২৩ রান, ওভার খেলা হয়েছে দেড় শর বেশি। শেষ বিকেলে ভারনন ফিল্যান্ডার আর ওয়েইন পারনেলরা ৪টি উইকেট তুলে নিয়ে বুঝিয়ে দিয়েছেন, সেঞ্চুরিয়নের পারফরম্যান্স দিয়ে এখানে তাদের বিচার করা যাবে না। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরও (১১২/৪) বলছে টেস্টের লাগামটা এখনো দক্ষিণ আফ্রিকার হাতে!
দিনটা শুরু করেছিলেন টানা ১২ টেস্টে হাফ সেঞ্চুরি করার নতুন রেকর্ড নিয়ে। সেটিকে ডি ভিলিয়ার্স ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি বানালেন। তিন অঙ্ক ছুঁয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি, নাথান লায়নকে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরেছেন ১১৬ রানে। তবে অস্ট্রেলিয়ার ভোগান্তি শেষ হয়নি তখনো। ভিলিয়ার্স যখন আউট হন, সাত ইনিংস ধরে অধরা হাফ সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন জেপি ডুমিনিও। হাফ সেঞ্চুরিটাকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে রূপ দিয়ে তবেই বিদায় নিয়েছেন তিনি। তাঁর ঘাতকও সেই লায়ন। সব মিলিয়ে ১৩০ রান খরচায় ৫ উইকেট অস্ট্রেলিয়ান স্পিনারের। তথ্যসূত্র: টেন ক্রিকেট।