লাতিন আমেরিকা বনাম আফ্রিকা
দুনিয়ার হাজারো, লাখো ফুটবল ম্যাচের মতো আরও একটা ফুটবল ম্যাচ হবে আজ জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে। হ্যাঁ, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলে বাড়তি একটু আগ্রহ এই ম্যাচ নিয়ে তো থাকবেই।কিন্তু এই কি সব? না, এই সব নয়। একটা ফুটবল ম্যাচ বা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলে বোঝানো যাবে না আজকের উরুগুয়ে-ঘানা লড়াইকে। দুটি দল শুধু একটি ম্যাচ জয়ের জন্য লড়বে না। লড়বে তারা ইতিহাসের জন্য, লড়বে দুই মহাদেশের জন্য।উরুগুয়ের লড়াইটা ইতিহাস গড়ার নয়, ঐতিহ্য ফেরানোর। ৪০ বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা অস্কার তাবারেজের দল আজ লড়বে পুরোনো দিন ফিরিয়ে আনার জন্য। ঘানার লড়াইটা নতুন ইতিহাস তৈরির। বিশ্বকাপে দ্বিতীয় আগমনেই এবার উঠে এসেছে তারা কোয়ার্টার ফাইনালে। এখন তারা যা করবে, তাই ইতিহাস।শুধু নিজেদের নয়, কোয়ার্টার ফাইনালে ওঠায় ঘানার কাঁধে চেপে বসেছে আফ্রিকার ইতিহাস লেখার দায়িত্বও। ক্যামেরুন, সেনেগালের পর তৃতীয় দল হিসেবে আফ্রিকার সর্বোচ্চ ধাপ, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা। এবার ‘দায়িত্ব’ সেমিফাইনালে পৌঁছে আফ্রিকার ইতিহাস গড়া।ঘানার ভেতর দিয়ে নিজেদের অপূর্ণ স্বপ্ন পূর্ণ করতে চায় আফ্রিকানরা। মুখ ফুটে এই কথাটা বলে ফেললেন ঘানার কিংবদন্তি আবেদি পেলে, ‘আমরা আরও অনেক দূর যেতে পারি। আমি দেখতে পাচ্ছি, ঘানা ফাইনালে চলে যাচ্ছে।’বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডানের ভেতর থেকেও বেরিয়ে এল আফ্রিকান সত্তা, ‘ঘানার কোয়ার্টার ফাইনাল ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, যেখানে আফ্রিকার কোনো দল কখনো পৌঁছায়নি। আমরা আফ্রিকান বিশ্বকাপে এটাই অর্জন করতে চাই।’কী চাপ! কী অসহ্য চাপ! এই প্রবল চাপের মধ্যে যুক্ত হয়েছে দুশ্চিন্তা—কার্ডের খাঁড়ায় পড়ে এই ম্যাচে খেলতে পারবেন না জোনাথন মেনশা ও আন্দ্রে আইয়ু। চাপ, দুশ্চিন্তা মিলিয়ে ঘানার খেলোয়াড়েরা না ভেঙে পড়েন। ভয়টা আছে বলেই ঘানার সার্বিয়ান কোচ মিলোভান রাজেভাচ চাপটাকে দূরে সরিয়ে রাখতে চাইলেন, ‘খেলোয়াড়েরা শুধু মাঠেই মনোযোগ দেবে। বাইরের কোনো চাপ নেই ছেলেদের ওপর। আমরা চাপ নিয়ে কিছু ভাবছিই না।’না, ভাবলেই কি আর ‘চাপ’ দূরে থাকে! আফ্রিকা মহাদেশের কোটি কোটি মানুষ চাপ পৌঁছে দিচ্ছে যে। অবশ্য পুরো আফ্রিকা ঘানার পক্ষে চলে গেছে, এ কথা বললে একটু অন্যায় হবে। একেবারে খোদ দক্ষিণ আফ্রিকাতেই একটা শহর নাকি উরুগুয়ে সমর্থক হয়ে গেছে—কিম্বার্লি।এই শহরে উরুগুয়ের বেস ক্যাম্প। মাসখানেক ধরে লাতিন দলটিকে কাছ থেকে দেখতে দেখতে কিম্বার্লির লোকজন নাকি তাদের প্রেমে পড়ে গেছেন! এখন তারা উরুগুয়েকে সমর্থনও দেবেন। সেলুন মালিক ফিলিন্ডা গোল্ডেন হেসে বলছেন, ‘আমাদের পুরো দেশটা এখন ঘানার সমর্থন করছে। কিন্তু আমরা এই শহরের সবাই উরুগুয়ের সমর্থক।’১৯৩০ ও ১৯৫০ বিশ্বকাপজয়ী উরুগুয়ের জন্য সুসংবাদ। ফোরলানরা দেশ থেকে অনুপ্রেরণা পাচ্ছেন, পাচ্ছেন দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে অনুপ্রেরণা। এবার কিম্বার্লির সমর্থনও পাচ্ছেন।সব মিলিয়ে ডিয়েগো ফোরলানরা ইতিহাসটা ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। উরুগুয়ের তারকা স্ট্রাইকার ফোরলানের কাছে অবশ্য দেশের ঐতিহ্য ফেরানোর চেয়েও গুরুত্বপূর্ণ দক্ষিণ আমেরিকার চলমান সাফল্যটা আরও লম্বা করা, ‘বিশ্বকে আমাদের দেখিয়ে দিতে হবে, দক্ষিণ আমেরিকার ফুটবল এবং তার বাছাইপর্ব কতটা শক্তিশালী! আশা করি, এটা করে আমরা ব্রাজিল বিশ্বকাপের জন্য পাঁচটা দলের জায়গা নিশ্চিত করতে পারব, বর্তমানের মতো সাড়ে চার দল নয়।’সাফল্য মানুষকে দেশপ্রেমী শুধু নয়, অঞ্চলপ্রেমীও করে তোলে! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।