অষ্টাদশ বিশ্বকাপজয়ী ইতালি ও রানার্সআপ ফ্রান্সকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়ে ২৫ জুন ১৯তম বিশ্বকাপ ফুটবলের প্রথম রাউন্ড সমাপ্ত হয়েছে। ২৬ জুন থেকে শুরু হলো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ষোলো দলের দ্বিতীয় রাউন্ড বা নকআউট পর্ব। এই দুই রাউন্ডের মাঝখানে দু-এক দিনের বিরতি থাকলে ভালো হতো। কিন্তু নেই। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের আগে যথাক্রমে দুই দিন, তিন দিন ও চার দিনের বিরতির ব্যবস্থা থাকলেও ৪৮ ম্যাচ খেলার পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরুর আগে দু-এক দিনের বিরতি না দেওয়ার পেছনে ফিফার যুক্তিটা কী, তা আমি অনেক বুদ্ধি খাটিয়েও আবিষ্কার করতে পারিনি। তবে নিজের বুদ্ধির ওপর আমার নিজেরই খুব একটা আস্থা নেই। তাই ফিফার পক্ষ নিয়ে কেউ যদি সম্ভাব্য কারণটি জানান, তবে আমি উপকৃত হব। দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ষোলো দেশের খেলোয়াড়, কর্মকর্তা ও তাঁদের সমর্থকেরা পরবর্তী রাউন্ড শুরুর অপেক্ষায় দক্ষিণ আফ্রিকায় যদি দুই দিন বেশি অবস্থান করতেন, তাতে স্বাগতিক দেশের কিছুটা আর্থিক লাভ হতো। বিশ্বকাপের পৃথিবীজোড়া দর্শকও কিছুটা বিশ্রাম করার সুযোগ পেত। খেলোয়াড়েরা কিছুটা আরাম করতে পারতেন। নকআউট পর্বে উপনীত রণক্লান্ত ফুটবলারদের কাছে আমরা আরও ভালো ক্রীড়াশৈলী আশা করতে পারতাম। ব্যাপারটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য আমরা ফিফাকে চার বছর সময় দিলাম।ইতালি ও ফ্রান্সের ছিটকে পড়া ছাড়া প্রথম পর্বে আর কোনো বড় অঘটন ঘটেনি। আমি যেমনটি ভেবেছিলাম, তেমনটিই ঘটেছে। ‘লাতিন আমেরিকান ফুটবলের জয়জয়কার’ শিরোনামে যে লেখাটি লিখেছিলাম, সেটি সত্য বলে প্রমাণিত হয়েছে। লাতিন আমেরিকার পাঁচ দেশের মধ্যে পাঁচটিই দ্বিতীয় রাউন্ডে উঠেছে (৫:৫)।প্রথম পর্বে এশিয়ার রেজাল্টও বেশ ভালো। চারের (অস্ট্রেলিয়াসহ) ভেতরে দুই (৪:২)। আমরা এশিয়ার কোটা বাড়ানোর দাবি করছি। নিজেদের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত বিশ্বকাপে নিরাশ করেছে আফ্রিকা, তারা ছয়ের ভেতরে এক (৬:১)। আফ্রিকার সঙ্গে পাল্লা দিয়ে ব্যর্থ হয়েছে ইউরোপও। তাদের সাফল্য তেরোর ভেতরে ছয় (১৩:৬)।আমেরিকা আর নিউজিল্যান্ড ঠিক কোন কোটায়, বিশ্বকাপ ফুটবলের খাঁচার ভেতরে ‘কেমনে আসে যায়’ আমি ঠিক জানি না।আফ্রিকা তার নিজের মাটিতে এ রকম ফল করবে, আমি ভাবিনি। তবে আমি (বিকেলে এটি লেখার সময়) ধারণা করছি, মাটির প্রদীপ হিসেবে টিকে যাওয়া আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানা আমেরিকার বিরুদ্ধে আজকের খেলায় জিতবে। কয় গোলে জিতবে, তা বলতে পারব না, তবে জিতবে। কিন্তু এশিয়ার প্রতিনিধিত্বকারী দক্ষিণ কোরিয়া আর পারবে না, ওই খেলাটিতে জিতবে উরুগুয়ে।হন্ডুরাস যে মধ্য আমেরিকান দেশ এবং আইভরিকোস্ট যে আফ্রিকায়—এবারের বিশ্বকাপের আগে সে-সম্পর্কে আমার স্পষ্ট ধারণা ছিল না। আমি বরং উল্টোটাই ভেবেছিলাম। আমার ভূগোলজ্ঞানের এই ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য এবারের বিশ্বকাপের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি, পাঠক, আপনারাও আমার মতোই আপনাদের ত্রুটিগুলো (যদি থেকে থাকে) সংশোধন করে নেবেন এবং বিশ্বকাপ থেকে আপনাদের ছেলেমেয়েদের ইতিহাস ও ভূগোল-সম্পর্কিত জ্ঞান আহরণে অনুপ্রাণিত করবেন। তারা যদি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলো সম্পর্কে জানতে পারে, তবে তাদের জন্য তা কিছুটা হলেও কাজের হবে। অন্যথায় সকলি গরল ভেল। ভবনশীর্ষে প্রিয় দলের পতাকা টাঙিয়ে, আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য চিৎকার করে গলা ফাটিয়ে আখেরে কোনোই লাভ হবে না। বিশ্বকাপ ফুটবলের উত্তেজক আনন্দকে যদি জ্ঞান অর্জনের মাধ্যমে পরিণত না করা যায়, তাহলে আমাদের কোমলমতি ছেলেমেয়েদের ক্ষতিই হবে বেশি। ‘সবার জন্য শিক্ষা’—এই স্লোগান দিয়ে শুরু হওয়া বিশ্বকাপ আমাদের শিক্ষাভাবনার সঙ্গে যুক্ত হোক।কামরাঙ্গীর চর২৬ জুন ২০১০, সন্ধ্যা সাড়ে ছয়টা।